বগুড়ায় অনুষ্ঠিত ‘তারুণ্যের সমাবেশে এসে যুবদল নেতার মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বগুড়ায় অনুষ্ঠিত ‘তারুণ্যের সমাবেশে এসে যুবদল নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ২০, ২০২৩ ১:১২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ২০, ২০২৩ ১:১২ পূর্বাহ্ণ

 

বগুড়ায় অনুষ্ঠিত ‘তারুণ্যের সমাবেশে’ যোগ দিতে এসে মারা গেছেন আজিজুল হাকিম (৩৩) নামের যুবদলের এক নেতা। আজিজুল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও একই উপজেলার কয়রা গ্রামের বাসিন্দা।

সোমবার (১৯ জুন) বিএনপির সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার নেতাকর্মীদের নিয়ে শহরের সূত্রাপুর সেন্ট্রাল হাইস্কুল মাঠে এ সমাবেশ আয়োজন করা হয়।

জানা যায়, শহরের খান্দার এলাকার স্টেডিয়ামসংলগ্ন এলাকা থেকে মিছিল নিয়ে সূত্রাপুর সেন্ট্রাল হাইস্কুল মাঠে সমাবেশে যাওয়ার পর তিনি গরমে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক জাকারিয়া রানা সাংবাদিকদের জানান, আজিজুল নামের ওই ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ নানা দাবিতে এ তারুণ্যের সমাবেশ আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ