বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মে ৮, ২০২৬ ১:৫২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মে ৮, ২০২৬ ১:৫২ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : আইএসপিআর
বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ও এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
বৃহস্পতিবার (০৭ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
পরিদর্শনকালে আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বগুড়ায় একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার। দেশের উত্তরাঞ্চলে কোনো আন্তর্জাতিক বিমানবন্দর না থাকায় বগুড়াকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি এ অঞ্চলে একটি আধুনিক ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন, যেখানে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ বেসামরিক বৈমানিক তৈরি হবে।
এ সময় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন আশা প্রকাশ করেন, এ পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চলের কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং আকাশসীমা সুরক্ষায় সামরিক সক্ষমতাও আরও সুদৃঢ় হবে। সরকারের সহায়তায় অদূর ভবিষ্যতে তিনি বগুড়ায় নতুন বিমান ঘাঁটি প্রতিষ্ঠার ব্যাপারে আশা ব্যক্ত করেন, যেখানে অত্যাধুনিক যুদ্ধবিমান সংযোজন করা হবে, যা দেশের আকাশ প্রতিরক্ষায় সক্ষমতা আরও সুদৃঢ় করবে।
এছাড়াও, বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে একটি ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনায় বাংলাদেশ বিমান বাহিনী সার্বিক সহযোগিতা প্রদান করবে বলেও বিমান বাহিনী প্রধান আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, বেবিচক (বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ)-এর সচিব, চেয়ারম্যান, বগুড়া জেলার পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ