বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব নিকার সভায় উঠছে আজ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব নিকার সভায় উঠছে আজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ১২, ২০২৬ ২:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ১২, ২০২৬ ২:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব উত্থাপন করা হবে।

রবিবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় সচিবালয়ে অনুষ্ঠিত হবে এই সভা।

এই সভায় স্থানীয় সরকার বিভাগের উত্থাপিত প্রস্তাবটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

সভায় সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

আজকের প্রাক-সচিব কমিটির সভায় গুরুত্বপূর্ণ প্রস্তাব এই বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠার বিষয়।

সংশ্লিষ্ট সূত্র বলছে, বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া প্রায় সম্পন্ন।ইতোমধ্যে বিষয়টি প্রাক-নিকার সচিব কমিটিতে উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা সম্মতি দিয়েছেন। সভায় ইতিবাচক সিদ্ধান্ত এলে পরবর্তী ধাপে এটি মূল নিকার সভায় উঠবে।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা, ২০১০ অনুযায়ী একটি পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করতে নির্দিষ্ট কিছু মানদণ্ড পূরণ করতে হয়। সংশ্লিষ্ট নথিপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রয়েজনীয় শর্ত প্রায় সবই পূরণ হয়েছে।

সূত্র মতে, জনসংখ্যার দিক থেকে বগুড়া অনেক আগেই নির্ধারিত সীমা অতিক্রম করেছে। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী স্থায়ী জনসংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০০ হলেও বাস্তবে এখানে প্রায় ১০ লাখ মানুষের বসবাস। জনঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৬ হাজারের বেশি, যা নির্ধারিত মানদণ্ডের দ্বিগুণের বেশি।

অর্থনৈতিক সক্ষমতার দিক থেকে বগুড়া এগিয়ে। ২০২৩-২৪ অর্থবছরে পৌরসভার স্থানীয় আয় প্রায় ৪৫ কোটি টাকা এবং মোট আয় প্রায় ৬০ কোটি টাকা, যা বিধিমালার নির্ধারিত সীমার অনেক ওপরে।

তৃতীয়ত, শিল্প ও বাণিজ্যিক গুরুত্বের দিক থেকে বগুড়া একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে সিরামিক, ফাউন্ড্রি, লাইট ইঞ্জিনিয়ারিং, ওষুধ, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পসহ প্রায় ২০ হাজার ছোট-বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে। বিসিক শিল্প নগরীসহ বিভিন্ন শিল্পাঞ্চল শহরটির অর্থনৈতিক গুরুত্ব বাড়িয়েছে।

বগুড়ার অবকাঠামোগত উন্নয়ন সিটি করপোরেশন হওয়ার পক্ষে বড় যুক্তি হিসেবে তুলে বলা হচ্ছে, শহরে মহাসড়ক, রেললাইন, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ সরবরাহসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধার বিস্তৃতি রয়েছে।

৬৬ দশমিক ৭৯ বর্গকিলোমিটার আয়তনের এই পৌর এলাকায় ভবিষ্যৎ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি এই প্রস্তাবের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রস্তাব অনুযায়ী, বগুড়া সদর ও শাহজাহানপুর উপজেলার কয়েকটি ইউনিয়ন যুক্ত করে সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে মৌজা, জেএল নম্বর ও স্কেচ ম্যাপসহ বিস্তারিত তফসিল প্রস্তুত করা হয়েছে।

প্রক্রিয়াগতভাবে, নিকার সভায় উপস্থাপনের আগে প্রাক-নিকার সচিব কমিটির অনুমোদন বাধ্যতামূলক। আজকের সভায় এ অনুমোদন মিললে বগুড়াকে দেশের নতুন সিটি করপোরেশন হিসেবে ঘোষণার পথ আরও একধাপ এগিয়ে যাবে।

দেশে বর্তমানে ১২টি সিটি করপোরেশন রয়েছে। বগুড়া সিটি করপোরেশন বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের নগরায়নে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ