বঙ্গভবনের দরবার হল থেকে সরানো হলো শেখ মুজিবের ছবি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, নভেম্বর ১১, ২০২৪ ৪:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, নভেম্বর ১১, ২০২৪ ৪:২৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বেলা ১২টার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা মাহফুজ আলম।
তিনি লিখেছেন, ‘৭১ পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে। ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি, এটা আমাদের জন্য লজ্জার। আমরা ক্ষমাপ্রার্থী, মানুষের জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তার ছবি কোথাও দেখা যাবে না।’
তিনি আরো লিখেছেন, ৭২-এর অগণতান্ত্রিক সংবিধান, দুর্ভিক্ষ, বিলিয়ন বিলিয়ন টাকা পাচার, বিরোধীদের বিচার বহির্ভূত হত্যাসহ শেখ মুজিব ও তার মেয়ের কাজের দায় আওয়ামী লীগকে নিতে হবে এবং ক্ষমা চাইতে হবে। এর পরেই ৭১ পূর্ববর্তী শেখ মুজিবকে নিয়ে কথা বলতে পারব। ক্ষমা চাওয়া ও ফ্যাসিস্টদের বিচারের আগে কোনো সমঝোতা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টা দরবার হলে শপথ পাঠ করেন। এ সময় তাদের পেছনে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। এ নিয়ে প্রতিবাদ করে পোস্ট করেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি লিখেন, “আমরা সারাদিন লীগ তাড়াবো আর বলবো, ‘মুজিববাদ, মুর্দাবাদ।’ আর তারা মুজিবের ছবি পিছনে টানিয়ে করে শপথ পাঠ।” এছাড়া সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তীব্র প্রতিক্রিয়াও জানান অনেকে।
জনতার আওয়াজ/আ আ