বদরুদ্দীন উমর আমৃত্যু জনগণের স্বার্থে রাজনীতি করে গেছেন: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫ ৩:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫ ৩:৩২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বদরুদ্দীন উমর আমৃত্যু জনগণের স্বার্থে রাজনীতি করে গেছেন বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (৭ সেপ্টেম্বর) তার মৃত্যু সংবাদের পর এক বিবৃতিতে শোক প্রকাশ করে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।
তিনি বলেন, আমৃত্যু তিনি (বদরুদ্দীন উমর) জনগণের স্বার্থে রাজনীতি করেছেন ও কলম ধরেছেন। রাজনীতির দুর্নীতিকরণের বিরুদ্ধে তিনি ছিলেন এক জলন্ত প্রতিবাদ। বিদ্যমান রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে তাঁর মতো নির্ভিক মুক্তচিন্তার বুদ্ধিজীবীর বেঁচে থাকা খুব জরুরি ছিল।
বদরুদ্দীন উমরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিএনপি মহাসচিব বলেন, লেখক, গবেষক, বামধারার বুদ্ধিজীবী, শিক্ষক বদরুদ্দীন উমরের মৃত্যুতে আমি বেদনাহত। কৃষক ও শ্রমজীবী মানুষের এবং শোষণমুক্তি সংগ্রামের প্রেরণা ছিল তাঁর লেখনি। ইতিহাসের পরিক্রমায় নানা উত্থান-পতনের ঘটনা নিয়ে তিনি রচনা করেছেন অসংখ্য গুরুত্বপূর্ণ গ্রন্থ। আজীবন বাম প্রগতিশীল রাজনীতিতে সংশ্লিষ্ট মরহুম বদরুদ্দীন উমর সহজ, সরল, অনাড়ম্বর জীবনযাপন করেছেন নিজ আদর্শে অবিচল থেকে। কখনোই স্বৈরশাসকের ধমকে নীরব দর্শক হয়ে থাকেননি, বরং তিনি তাঁর কথা ও লেখনিতে অন্যায় ও অবিচারের স্বৈরতন্ত্রের মূলে প্রচণ্ড শক্তিতে কুঠারাঘাত করেছেন।
বিবৃতিতে প্রয়াত বদরুদ্দীন উমরের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বিএনপির মহাসচিব।
রবিবার সকাল ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত বদরুদ্দীন উমর ভুগছিলেন।
জনতার আওয়াজ/আ আ