বন্যার্তদের জন্য ছবি এঁকে বিক্রি করছে বরিশালের চারুশিল্পীরা - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বন্যার্তদের জন্য ছবি এঁকে বিক্রি করছে বরিশালের চারুশিল্পীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ৩০, ২০২৪ ৮:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ৩০, ২০২৪ ৮:৫৪ অপরাহ্ণ

 

বরিশাল প্রতিনিধি

বন্যাদুর্গতদের সহায়তার জন্য ছবি এঁকে বিক্রি করছে বরিশালের চারুশিল্পীরা। তারা বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে ঘুরে এসব ছবি বিক্রি করছে। শুক্রবার (৩০ আগস্ট) বরিশাল নগরীর হাসপাতাল রোডে তাদের ছবি বিক্রি করতে দেখা যায়।

তারা জানায়, তারা সবাই ‘চারুকলা বরিশাল’ নামে একটি ফাইন আর্টস প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিল্পী। চলমান বন্যা দুর্গতের জন্য তারাও কিছু করতে চায় এই মানসিকতা নিয়ে তারা নিজেরা ছবি একে, বাধাই করে তা বিক্রি করছে। এই ছবি বিক্রয়লব্ধ অর্থ তারা প্রধান উপদেষ্টার বন্যার্তদের জন্য তহবিলে প্রেরণ করবে।

শিল্পীদলের নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণাঞ্চলের বিশিষ্ট ফাইন আর্টস শিল্পী তাপস কর্মকার। তিনি জানান, বন্যার্তদের সাহায্যের জন্য এই প্রতিষ্ঠানের ৫০ জন শিল্পী ৫০ টি ছবি এঁকেছে। এসব ছবিই আমরা ঘুরে ঘুরে বিক্রি করছি। ইতোমধ্যে আমাদের ফান্ডে ছবি বিক্রয় লব্ধ ২৫ হাজার টাকা জমা হয়েছে। আমাদের এই ছবি বিক্রির ক্যাম্পেইন আরও কয়েকদিন চলবে। সবশেষে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সমুদয় অর্থ প্রদান করবো।

তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তাইফা জানায়, আমি টিভিতে বন্যার ছবি দেখেছি। আমি প্যাস্টেল রং দিয়ে সেইরকম বন্যার ছবি এঁকেছি।

শিল্পীদলের সাথে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রথম বর্ষের শিল্পী নন্দিনী দাস প্রাচী জানান, শিল্পীদের ছবি দেয়ার আহবানে স্বতস্ফূর্ত ভাবে সবাই সাড়া দিচ্ছে। বানভাসি মানুষের এই বিপদের দিনে শিল্পীরাও তাদের পাশে আছে।

শিল্পী ঈশিকা ঘোষ জানায়, এর আগেও সিলেটে বন্যায় সে ছবি এঁকে বিক্রয় লব্ধ অর্থ ত্রাণ তহবিলে প্রদান করেছে।

চারুকলা বরিশালের সভাপতি দীপংকর চক্রবর্তী জানান, ভয়াবহ বন্যা মোকাবেলায় শিল্পীদেরও করণীয় রয়েছে। এই মনোভাব সবার মধ্যে কাজ করছে। সে কারনেই দ্বিতীয় শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিল্পীরা সবাই এগিয়ে এসেছে। সবাই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে চায়। তাদের জন্য কিছু করতে চায়। এই অনুভূতি এগিয়ে নিতেই আমরা বন্যার্তদের জন্য এই কর্মসূচি ঘোষণা করে ব্যাপক সাড়া পাচ্ছি। এই কাজে চারু শিল্পীরা তাদের তৃপ্তি নিয়ে এগিয়ে এসেছে বলে জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ