বরিশালের গৌরনদীতে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি হামলার অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশালের গৌরনদীতে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৭, ২০২৩ ৩:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৭, ২০২৩ ৩:৪৬ অপরাহ্ণ

 

বরিশাল প্রতিনিধি

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া-মিলাদের অনুষ্ঠানে হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করে দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় এক ছাত্রদল নেতা ও এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে স্থানীয় আওয়ামী লীগ নেতারা দাবী করেছেন, বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের ৪/৫ জন নেতাকর্মীকে পিটিয়ে গুরুতর আহত করেছে। উভয় দলের আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭) আগস্ট সকালে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাওসার তালুকদার অভিযোগ করে বলেন, ‘বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বুধবার বিকেলে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম সমরসিংহ গ্রামের আল-নূর জামে মসজিদে দোয়া-মিলাদের আয়োজন করা হয়। আসর নামাজের পর অনুষ্ঠান শুরু করা হলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মসজিদের মধ্যে লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে অনুষ্ঠান পন্ড করে দেয়। এ সময় ছাত্রদল নেতা রাতুল মুন্সীকে কুপিয়ে জখম এবং সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা সাইদুলকে পিটিয়ে পা ভেঙ্গে দেওয়া হয়।’

অভিযোগ করে তিনি আরও বলেন, ‘হামলাও করলো আওয়ামী লীগ নেতারা অথচ বিএনপির ১৫ জনের বিরুদ্ধে মামলাও দায়ের করা হলো। ঘটনার সময় তিনি না থাকলে তাকে সহ তার পরিবারের অপর তিনজনের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করেন শারিরিক ভাবে অসুস্থ এ যুবদল নেতা।’

তবে হামলার অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতলেব মাতুব্বর জানান, শোক দিবসের একটি অনুষ্ঠানে যোগদানের যাওয়ার সময় বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর সশস্ত্র হামলা চালায়। এতে আওয়ামী লীগের ৪/৫ জন আহত হয়। এ ঘটনায় বুধবার রাতেই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মকবুল বেপারী বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।’

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ