বরিশালে নির্বাচন নিয়ে ব্যস্ত সাংসদ ও মনোনয়ন প্রত্যাশীগণ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ২৫, ২০২৩ ৪:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ২৫, ২০২৩ ৪:৩২ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়ের পাশপাশি নির্বাচনী জনসংযোগ চালিয়েছেন বরিশালের সংসদ সদস্যরা এবং সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা। তারা বর্তমান সরকারের আমলে দক্ষিণাঞ্চলের উন্নয়নের কথা তুলে ধরার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য ভোটারদের কাছে আহ্বান করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের আগের দিন (২১ এপ্রিল) বরিশাল নগরীর জামে কশাই মসজিদে জুমার নামাজ আদায়ের আগে বরিশাল—৫ (সদর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম সংক্ষিপ্ত বক্তব্যে সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরেন। এ সময় আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতসহ পরবর্তী সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার জন্য মুসল্লিদের কাছে ভোট প্রার্থনা করেন।
এছাড়া ঈদের দিন নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করতে গিয়েও প্রতিমন্ত্রী নগরবাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নির্বাচনী জনসংযোগ চালিয়েছেন। একইদিন প্রতিমন্ত্রী স্থানীয় আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে দল ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান করেন।
একইভাবে বরিশাল—৪ (হিজলা—মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ নির্বাচনী এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময়ে পৃথক অনুষ্ঠানের আয়োজন করেছেন। যেখানে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরা হয়েছে। অনেকটাই নির্বাচনী জনসংযোগের মতো চালিয়ে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার জন্যও তিনি সর্বস্তরের ভোটারদের কাছে আহ্বান করেন।
বরিশাল—২ (বানারীপাড়া—উজিরপুর) আসনের সংসদ সদস্য শাহে আলম তালুকদার নিজ এলাকার নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। তবে বরিশাল—১ (গৌরনদী—আগৈলঝাড়া) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ নির্বাচনী এলাকায় অনুপস্থিত থাকলেও সেখানে তার নির্দেশে দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করেছেন।
এছাড়া আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অনেকেই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নির্বাচনী জনসংযোগ চালিয়েছেন। যার মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন বরিশাল—৩ (বাবুগঞ্জ—মুলাদী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী মো. আতিকুর রহমান আতিক, বরিশাল—৫ (সদর) আসনের মহানগর আওয়ামী লীগের সদস্য ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত, বরিশাল প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল—২ (বানারীপাড়া—উজিরপুর) আসনের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা, বরিশাল—৩ (বাবুগঞ্জ—মুলাদী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং বরিশাল—১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।
অপরদিকে ঈদের আগ থেকে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আগামী নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলের স্বার্থে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বিভিন্ন সভামঞ্চে বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুইবারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।
এমনকি ঈদের শুভেচ্ছা জানিয়ে ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে বরিশাল নগরীসহ নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ এলাকা। নগরবাসীরা বলছেন, ইতিহাসের সর্বাধিক শুভেচ্ছা বার্তা শোভা পাচ্ছে শহরজুড়ে। আর এসবই হয়েছে আসন্ন সিটি ও জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে।
জনতার আওয়াজ/আ আ