বরিশালে বিএনপির তারুণ্যের সমাবেশ শুরু, নেতা-কর্মীর ঢল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুন ২৪, ২০২৩ ৮:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুন ২৪, ২০২৩ ৮:৩৮ অপরাহ্ণ

নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটাধিকার প্রয়োগ, ভোটাধিকার পুনরুদ্ধার ও শিক্ষা উপকরণের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে বিএনপির তিনটি সংগঠনের উদ্যোগে বরিশালে তারুণ্যের সমাবেশ শুরু হয়েছে।

শনিবার (২৪ জুন) বিকেল ৩টায় পর কীর্তনখোলা নদীর পাড়ের বেলস পার্কে যৌথভাবে সমাবেশ শুরু করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সেখানে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ ঘিরে ইতোমধ্যে নেতাকর্মীরা দলে দলে জড়ো হচ্ছেন।

সকাল থেকেই বেলস পার্কে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। শহরের বিভিন্ন অলিগলিতে অবস্থান করছেন তারা। বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিসহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

একই দিনে বেলস পার্ক থেকে আধা কিলোমিটার দূরে নগর ভবন ও শহীদ মিনারের সামনে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে যুবলীগ। পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে নগরজুড়ে উত্তেজনাও বিরাজ করছে।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু গণমাধ্যমকে জানান, সারাদেশে বর্তমান সরকারের আমলে প্রায় ৪ কোটি ৭০ লাখ নতুন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাদের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য এ সমাবেশে হবে জনসমুদ্র।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে ছাত্রদল তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করে চলেছে। ইনশাআল্লাহ শান্তিপূর্ণভাবে তরুণ সমাবেশ করতে পারব।

ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে আজকের সমাবেশে আরও বক্তব্য দেবেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর পক্ষে একটি বিশাল মিছিল এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিএনপির সভাপতি এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদারের পক্ষ থেকে একটি মিছিল এ সমাবেশে উপস্থিত হয়েছে।
জনতার আওয়াজ/আ আ