বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শুরু - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:০৭, রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ১৮, ২০২৬ ৪:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ১৮, ২০২৬ ৪:১৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বরিশাল নগরীর ভাটারখাল এলাকায় কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ।

শনিবার (১৮ জুলাই) দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে এ বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশে অংশগ্রহণের লক্ষ্যে বেলা ১১টার মধ্যেই সড়কপথে বরিশালে পৌঁছান বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা।

এরই মধ্যে বরিশাল মহানগরীসহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা সড়ক ও নৌপথে বরিশালে আসতে থাকেন। তারা নির্ধারিত স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। দুপুরে সমাবেশ শুরুর আগেই ঈদগাহ ময়দান নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে বরিশাল নগরী। শহরজুড়ে দেখা যায় মিছিলের ঢল।

সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রধান অতিথি এবং বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সভাপতিত্ব করছেন জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল পরিচালক ও কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল।

এ ছাড়া এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম), বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী এবং বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁনসহ ঐক্যজোটের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

সমাবেশকে ঘিরে বরিশালজুড়ে, বিশেষ করে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সমাবেশে আগত নেতাকর্মীদের জন্য সুপেয় পানির ব্যবস্থাও করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ