বর্তমান সরকারের পদত্যাগের এক দফা নিয়ে আসছে বিএনপি-গণতন্ত্র মঞ্চের এক দফা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুন ২৯, ২০২৩ ১০:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুন ২৯, ২০২৩ ১০:৫৭ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বর্তমান সরকারের পদত্যাগের এক দফা নিয়ে মাঠে নামতে যাচ্ছে বিএনপি ও গণতন্ত্র মঞ্চ। মধ্য জুলাইয়ে দুপক্ষ যৌথভাবে ঘোষণা দিতে যাচ্ছে। আগে কিছু বিষয়ে মতবিরোধ থাকলেও তা কাটিয়ে উঠেছেন নেতারা।
যুগপৎ আন্দোলন করতে একটি যৌথ ঘোষণাপত্র চূড়ান্ত করতে গত কয়েক মাস ধরে চেষ্টা করেছেন বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতারা। বেশকিছু বিষয়ে উভয়পক্ষের মতবিরোধ থাকায় ঘোষণাপত্র প্রকাশ করা সম্ভব হয়নি। এবার ঐকমত্যে পৌঁছেছেন তারা।
এক দফা দাবির সঙ্গে সংসদ বাতিল ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের মতো আরও কিছু দাবিও থাকবে বলে জানিয়েছেন বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতারা। উভয়পক্ষের মধ্যে আলোচনার পাশাপাশি এত দিন বিএনপি তাদের ১০ দফা ও গণতন্ত্র মঞ্চ ১৪ দফা দাবি নিয়ে যুগপৎ আন্দোলনের মাঠে ছিল। আন্দোলনের স্বার্থে যৌথ ঘোষণাপত্র নিয়ে অনড় না থেকে এখন এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনে নামতে চান।
গত ২৬ জুন বিএনপি ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক হয়। ওই বৈঠকে এক দফা ঘোষণা ও আন্দোলনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়। বৈঠকে অংশ নেওয়া গণতন্ত্র মঞ্চের একাধিক নেতা জানান, অনেকদিন পর উভয়পক্ষের নেতারা খোলামেলা আলোচনা করেছেন।
গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সংবাদমাধ্যমকে বলেন, ‘জুলাইয়ের শেষ সপ্তাহের দিকে এক দফা আন্দোলনের ঘোষণা আসতে পারে। উভয়ের মধ্যে যেসব বিষয়ে মিল আছে, সেগুলো এক দফার মধ্যে আনা হয়েছে। আর যেসব বিষয়ে মতপার্থক্য আছে, সেগুলো নিয়েও আলোচনা হবে।’
সাইফুল হক আরও বলেন, ‘এক দফা ঘোষণায় থাকছে- বর্তমান সরকারের পদত্যাগ। সঙ্গে বর্তমান সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যবস্থা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা-গায়েবি মামলা প্রত্যাহার, ফরমায়েশি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়গুলোও থাকবে।’
গত সোমবার (২৬ জুন) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘ঈদের পর আন্দোলন আরও জোরদার হবে। যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করছেন, তাদের সঙ্গে কথা বলছি। তাদের সঙ্গে আলোচনা করে আন্দোলন আরও বেগবান করব।’
জনতার আওয়াজ/আ আ