বর্তমান সরকার জঙ্গিদের মতো আচরণ করছে : নুরুল হক নুর - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বর্তমান সরকার জঙ্গিদের মতো আচরণ করছে : নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ১৭, ২০২২ ৭:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ১৭, ২০২২ ৭:৫৮ অপরাহ্ণ

 

বর্তমান সরকার জঙ্গিদের মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

তিনি বলেছেন, এই সরকার যে একটি জঙ্গি ও উগ্রবাদী সরকার তা আজ সারাবিশ্বে প্রমাণিত। জঙ্গিরা নিজের মতামত জোর করে প্রতিষ্ঠিত করতে চায়, নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দিতে চায়। ঠিক একইভাবে এই সরকারও জঙ্গিদের মতো আচরণ করছে। পাশাপাশি তাদের এই জঙ্গিবাদকে জায়েজ করার জন্য বিরোধী দলের নেতাকর্মীদের উপর দায় চাপাচ্ছে।

শনিবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅধিকার পরিষদের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনকালে মাগুরা, পাবনা, ময়মনসিংহ, খুলনা, বাগেরহাট ও গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

নুরুল হক নুর বলেন, ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশের দিন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা মাস্তান-সন্ত্রাসীদের মতো পাড়ার মোড়ে মোড়ে টহল দিয়েছে। যাতে বিরোধী দলের নেতাকর্মীরা সভা সমাবেশে যোগ দিতে না পারে। এমনকি তারা মানুষের ব্যক্তিগত নিরাপত্তা লঙ্ঘন করে মোবাইলে গ্যালারি পর্যন্ত ঢুকেছে। তাই আমরা আজকে জনগণকে সতর্ক করে বলে দিতে চাই, আজকে আওয়ামী লীগ এবং তার উচ্ছিষ্টভোগীরা অবৈধভাবে ক্ষমতা দখল করার জন্য যেভাবে বেপোরোয়া উন্মাদে পরিণত হয়েছে, জনগণ যদি এদেরকে প্রতিহত করতে না পারে, এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারে, তাহলে বেডরুমও কেউ সুরক্ষিত থাকবে না।

তিনি আরো বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে বেডরুমে ঢুকে হত্যা করা হয়েছে। সেই হত্যাকান্ডের প্রতিবেদন দেয়ার সময় ৯৩ বার পর্যন্ত পিছিয়েছে। বুয়েট ছাত্র ফারদিন হত্যাকান্ড নিয়ে একবার বলছে, সমস্ত আসামিরা চিহ্নিত, তারা যে কোনো সময় অ্যাকশনে যাবে। আবার বলছে, চনপাড়া বস্তিতে মাদক কারবারিদের হাতে ফারদিন নিহত হয়েছে। আবার বলছে, তিনি আত্মহত্যা করেছেন। যে ডিবি এবং র‌্যাব একেক সময়ে একেক রিপোর্ট দেয়, তাদের তদন্তে জনগণ আস্থা রাখতে পারে না।

পুলিশকে একটি দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছে অভিযোগ করে সাবেক এই ছাত্র নেতা বলেন, র‌্যাবকে ডেথ স্কোয়াডে পরিণত করা হয়েছে। সামরিক বাহিনীকেও দিন দিন নষ্ট করা হচ্ছে। দেশে এই ধরনের নৈরাজ্য চলছে কথিত মুক্তিযুদ্ধের চেতনাধারী আওয়ামী লীগ সরকারের আমলে। যারা গত ১৩ বছরে বিনা ভোটে ভারতের সহযোগিতায় এ দেশের মানুষের উপর দমন-পীড়ন চালিয়েছে, এ দেশের মানুষের স্বাধীনতাকে ভারতের হাতে জিম্মি করে দিয়েছে।

পুলিশের উদ্দেশে তিনি বলেন, আপনারা যদি আওয়ামী লীগের দালালি করেন, আওয়ামী লীগের গোলামি করেন, তাহলে দয়া করে পুলিশের পোশাক ছেড়ে মুজিব কোর্ট গায়ে পরে আওয়ামী লীগের দালালি করেন, ছাত্রলীগের গুন্ডামি করেন। যদি চাকরি করেন, তাহলে জনগণের সেবা করেন। আর জনগণের বিরুদ্ধে দাঁড়ালে আপনাদের পরিণতিও ভালো হবে না।

এই সরকারের হাতে বিদেশি নাগরিকরাও নিরাপদ নয় উল্লেখ করে তিনি বলেন, এতদিন দেশে গুম, খুন, হামলা, মামলা শিকার হয়েছে ভিন্ন মত ও বিরোধী দলের রাজনীতিকরা। অথচ কয়েকদিন আগে শাহীনবাগে গুম হওয়া এক ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত হামলার শিকার হতে যাচ্ছিলেন।

ডাকসুর সাবেক ভিপি আরো বলেন, এই সরকার মুক্তিযুদ্ধের কথা বলে। অথচ টানা ১৩ বছর ক্ষমতায় থেকেও মুক্তিযুদ্ধে শহীদ, মুক্তিযোদ্ধাদের একটি নির্ভুল তালিকা এই সরকার তৈরি করতে পারেনি।

সরকার গণপরিষদের নেতাকর্মীদের গ্রেফতারের পায়তারা করছে উল্লেখ করে তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে গণঅধিকার পরিষদ অন্যান্য বিরোধী দলীয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলনে রাজপথে থাকবে। সরকার যখন দেখেছে, আওয়ামী লীগ ও বিএনপির বাইরে গণঅধিকার পরিষদ জনগণকে সংগঠিত করে তৃতীয় বৃহত্তম দলে পরিণত হয়েছে, তখন আমাদের নেতাকর্মীদের উপরে বর্বর পৈচাশিক হামলা করছে। গতকাল বিজয় দিবসেও পাবনা, মাগুরাসহ দেশের বিভিন্ন জেলায় আমাদের নেতাকর্মীর উপর হামলা করা হয়েছে।

বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, মালেক ফরাজী, সোহরাব হোসেন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ