বাংলাদেশকে ডেথ ভ্যালিতে পরিণত করেছে সরকার: রিজভী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪ ১:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪ ১:২১ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন ডামি সরকারের উন্নয়নের ভেলকিবাজীতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালিতে পরিণত করেছে।
তিনি বলেন, অপরিকল্পিত নগরায়নের জন্য গাছপালা বন-জঙ্গল উজার করে, নদী নালা ভরাট করে এবং তাপবিদ্যুৎ ও কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে মানুষের জীবনকে সংকটে ফেলে দিয়েছে। বাংলাদেশকে এখন গ্যাস চেম্বারে পরিণত করা হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর পল্লবীতে ঈদগাহ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যাগে সারাদেশে চলমান তীব্র দাবদাহে অতিষ্ঠ পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণকালে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করে রিজভী বলেন, প্রধানমন্ত্রী গতকাল বলেছেন তাঁর বাবা মরহুম শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে হবে। শেখ মুজিবুর রহমানের আদর্শতো বাকশাল, যেখানে গনতন্ত্র থাকবে না, মানুষের মতপ্রকাশের স্বাধীনতা থাকবে না। সেদিনতো ৪টি পত্রিকা বাদে সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিলো। সাংবাদিকরা বেকার হয়ে বায়তুল মোকাররমে টুপি বিক্রি করতেন। শেখ হাসিনা তার বাপের কার্যক্রম বাস্তবায়ন করছে এবং সে তার কর্মীদের মাঝে এগুলো অনুসরণ করার জন্য বলছেন।
বিএনপি’র মুখপাত্র বলেন, বিগত ১৭ থেকে ১৮ বছরে প্রধানমন্ত্রী দেশে ভয়ংকর ও বিপদজ্জনক বাকশাল কায়েম করেছেন। সেগুলো আবার তার কর্মীদেরকে অনুসরণ করার জন্য বলে দিচ্ছেন। তাহলে দেশে আরো কত ভয়ংকর অবস্থা সৃষ্টি হবে। বাকশাল মানেই তো মানুষের গণতন্ত্র হরণ করা মানুষের মুখের ভাষা হরণ করা। এইটাই তিনি বাস্তবায়ন করতে বলছেন এটাই তার নীতি।
তিনি বলেন, আজকে দেশ থেকে গণতন্ত্রকে হরণ করা হয়েছে, মানুষের অধিকার হরণ করা হয়েছে। এ কারণে তিনি যে নির্বাচন করেন সেই নির্বাচনে মানুষ এখন আর ভোট দিতে যায় না । তিনি যে পার্লামেন্ট করেছে সেখানে কোন বিরোধী দল নেই। তারা সংসদকে পরিণত করেছে এন্টারটেইনমেন্ট হাউজে। এই ব্যবস্থাটাকেই জারি রাখতে চাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এটা তো দেশের জনগণ মানবে না। গণতন্ত্রকামী মানুষ এটা মানবে না বলেই এতো নির্যাতন জুলুম-গুম-হত্যার পরেও মানুষের কন্ঠকে আপনি আটকাতে পারেননি। আপনার পুলিশ বাহিনী জানোয়ারের মতো গণতন্ত্রগামী মানুষের পিছনে লেলিয়ে দেওয়ার পরেও তাদেরকে আটকাতে পারেন নি। কারন আপনার শাসন দুঃশাসন।
তিনি আরও বলেন, দেশের মধ্যে এতো লীগ বাস্তুহারা লীগ, স্বেচ্ছাসেবক লীগ পুরাদেশ লীগময় হয়ে গেছে। তারা এখন সারাদেশে লুটপাট করে যাচ্ছে আপনি শেখ হাসিনা তাদেরকে লুটপাট এর জায়গা করে দিয়েছেন টাকা কামানোর জায়গা করে দিয়েছেন আর সেই টাকা বিদেশে পাচার করছে। কানাডায় বেগমপাড়া বানাচ্ছে তারা দুর্নীতি আর লুটপাটরে মাধ্যমে দেশটাকে উজার করে দিচ্ছে।
ছাত্রদলের সাবেক এই নেতা বলেন, এত গুম, এত নির্যাতন, এত নিপীড়ন তারপরও মানুষের কণ্ঠকে স্তব্ধ করা যায়নি। মানুষের আন্দোলনকে দমানো যায়নি। সকল দুর্যোগে বিএনপি নেতৃবৃন্দ দেশবাসীর পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
ওবায়দুল কাদেরর সমালোচনা করে রিজভী বলেন, মুখে মুখে তারা পাকিস্তানের বিরোধীতা করে। গত কয়েকদিন আগে তাদের উন্নয়ন নিয়ে পাকিস্তান কথা বলায় তাদের সাহেব বলছেন পাকিস্তান তাদের উন্নয়ন দেখলেও বিএনপি দেখেনা। এখন তারা পাকিস্তানের প্রশংসায় গদ গদ। এক দেশ আরেক দেশের প্রশংসা করে এটাতো রীতি। আসলে ওবায়দুল সাহেবরা দ্বিচারিতা নীতি অবলম্বন করেছেন।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে নিষেধ করা হয়েছে। দেশের জনগণ জানতে চায় কেন বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে নিষেধ করা হয়েছে। ওখানে কত দুর্নীতি আছে কত দুর্নীতি করেছে যে সাংবাদিকদেরকে ঢুকতে নিষেধ করা হয়েছে? বাংলাদেশ ব্যাংকের দুর্নীতি জনগণ যাতে জানতে না পারে এই জন্য পরিপত্র জারি করে সেখানে সাংবাদিকদেরকে ঢুকতে নিষেধ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহবায়ক ডা. ফরহাদ হালিম ডোনার পরিচালনা করেন সদস্য সচিব আমিনুল হক। আরও বক্তব্য রাখেন বিএনপি’র সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, কেন্দ্রীয় নেতা তাবিদ আউয়াল, আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তফা জামান, আতাউর রহমান চেয়ারম্যান, মোস্তাফিজুর রহমান সেগুন, আব্দুর রাজ্জাক প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ