বাংলাদেশকে সবচাইতে বিপদজনক এলাকা ‘লেভেল-৪’ ঘোষণা প্রসঙ্গে যা বললেন মিলার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ

মুশফিকুল ফজল আনসারী, স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট
স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, বাংলাদেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র তাদের উদ্বেগের বিষয়টি স্পষ্ট করে জানান দিয়েছে। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপের কথা ভাবা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশকে ভ্রমণের জন্য সবচাইতে বিপদজনক এলাকা ‘লেভেল-৪’ ঘোষণা প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মিলার।
ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারী জানতে চান, “যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভ্রমণের জন্য সবচাইতে বিপদজনক এলাকা ‘লেভেল-ফোর ঘোষণা করেছে। দেখামাত্র গুলির নির্দেশ দিয়ে গণহারে নৃশংসতা চালাচ্ছে বাংলাদেশের ক্ষমতাসীন সরকার। নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বিক্ষোভ অব্যাহত রেখেছে। এই নিষ্ঠুর সরকারের হাত থেকে নিরীহ শিক্ষার্থী এবং জাতিকে উদ্ধার করতে যুক্তরাষ্ট্র কী ধরনের সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করবে?”
জবাবে মিলার বলেন, “প্রথমত, বাংলাদেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগের বিষয়টি স্পষ্ট করে জানান দিয়েছি। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপের কথা ভাবা হচ্ছে। জরুরি দায়িত্বের আওতামুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় ঢাকা ত্যাগের অনুমতি দেয়া হয়েছে।”
তিনি বলেন, “বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের কনস্যুলারসহ অন্যান্য সেবা দেবার জন্য দূতাবাস খোলা রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে বলছি যদি কোনো নাগরিক নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হন, কোনো বিষয় নিয়ে যদি আলোচনা করতে চান, তাহলে তারা যেন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে উৎসাহিত করছি। অবশ্যই নাগরিকদের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার।”
অপর প্রশ্নের জবাবে স্টেট ডিপার্টমেন্টের এই মুখপাত্র বলেন, ঢাকায় দূতাবাসের কার্যক্রম ফের চালু হয়েছে।
জনতার আওয়াজ/আ আ