বাংলাদেশকে ১৭৯ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল পাকিস্তান - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশকে ১৭৯ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫ ৯:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫ ৯:১৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

সংগৃহীত ছবি

সিরিজের প্রথম দুই ম্যাচে দারুণ বোলিং করেছিল বাংলাদেশ। তবে তৃতীয় টি-টোয়েন্টিতে চিত্রটা ভিন্ন। শুরু থেকেই মিরপুরের স্লো উইকেটকে পাত্তা না দিয়ে আগ্রাসী ব্যাটিং করে বড় সংগ্রহ গড়েছে পাকিস্তান।

বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান করে সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান এসেছে ওপেনার সাহিবজাদা ফারহানের ব্যাটে। বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন তাসকিন আহমেদ। নিয়েছেন ৩টি উইকেট।

শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে পাকিস্তান। প্রথম ওভারেই বোলারদের চাপে ফেলেন ওপেনাররা। ফারহান ছিলেন বিশেষভাবে ভয়ঙ্কর। মাত্র ২৯ বলে তুলে নেন হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত নাসুম আহমেদের বলে মেহেদি হাসান মিরাজের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে খেলেন ৪১ বলে ৬৩ রানের ঝকঝকে ইনিংস।

পাওয়ার প্লেতে উইকেট না হারিয়ে ৫৭ রান তুলে নেয় পাকিস্তান। অষ্টম ওভারে সায়িম আইয়ুবকে (১৫ বলে ২১) ফিরিয়ে বাংলাদেশের প্রথম সাফল্য এনে দেন নাসুম আহমেদ। এরপরই ফিরে যান ফিফটি করা সাহিবজাদা ফারহান।

মিডল ওভারগুলোতে কিছুটা নিয়ন্ত্রণ ফেরায় বাংলাদেশ। একপর্যায়ে মোহাম্মদ হারিস, হোসাইন তালাত ও ফাহিম আশরাফ দ্রুত ফিরে যান। তবে ইনিংসের শেষ দিকে মোহাম্মদ নাওয়াজ (১৬ বলে ২৭) ও হাসান নাওয়াজ (১৭ বলে ৩৩) ঝড় তুললে বড় সংগ্রহ নিশ্চিত করে পাকিস্তান।

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ নেন ৩টি উইকেট। ২টি উইকেট পান নাসুম আহমেদ। মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম শিকার করেন একটি করে উইকেট।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ