বাংলাদেশের কাছে বিশ্বের অনেক কিছু শেখার আছে : স্পিকার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ৪, ২০২২ ৫:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ৪, ২০২২ ৫:০১ অপরাহ্ণ

বাংলাদেশের কাছে সমগ্র বিশ্বের অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি লন্ডনস্থ সেন্ট জেমস কোর্ট হোটেলে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সেক্রেটারি জেনারেল মি. স্টিফেন টুইগ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় সংসদ সদস্যদের ইতিবাচক অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে অন্যান্য দেশের সঙ্গে আন্তপার্লামেন্ট যোগাযোগ বৃদ্ধির আহ্বান জানান স্পিকার।
বৃহস্পতিবার সংসদ সচিবালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাক্ষাৎকালে তাঁরা গণতন্ত্র শক্তিশালীকরণ, দারিদ্র্য বিমোচন, লিঙ্গ সমতা নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন, বাংলাদেশ জাতীয় সংসদের পঞ্চাশ বছর পূর্তিসহ সিপিএ-এর কার্যক্রম ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় স্পিকার বলেন, জলবায়ু পরিবর্তন, লিঙ্গ সমতা নিশ্চিতকরণ, দারিদ্র্য বিমোচনসহ গণতন্ত্র শক্তিশালীকরণে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)’র সাথে আরও জোরালো কার্যক্রম গ্রহণ করতে চায় জাতীয় সংসদ। এ সকল ইস্যুতে সংসদ সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে কাজ চলছে।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সিপিএর সঙ্গে বাংলাদেশের দীর্ঘ অংশীদারিত্ব রয়েছে। স্বাধীনতার পর ১৯৭২ সাল থেকেই সিপিএ’র সদস্যভুক্ত হয়েছে বাংলাদেশ। জাতীয় সংসদ আগামী বছর পঞ্চাশ বছর পূর্তিতে সিপিএ’র সাথে যৌথভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে, যেখানে সিপিএভুক্ত পার্লামেন্টসমূহের স্পিকার ও সংসদ সদস্যগণকে আমন্ত্রণ জানানো হবে।
সাক্ষাৎকালে স্টিফেন টুইগ এমডিজি ও তৎপরবর্তী এসডিজি অর্জনে বাংলাদেশের সফলতার প্রশংসা করে বলেন, বাংলাদেশের কাছে সমগ্র বিশ্বের অনেক কিছু শেখার আছে। কমনওয়েলথভুক্ত দেশগুলো আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে। তাই সিপিএ জাতীয় সংসদের সাথে যৌথভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী। বিশেষ করে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশ যেভাবে সফল হচ্ছে, সেখান থেকে কমনওয়েলথভুক্ত ছোট ছোট দ্বীপ রাষ্ট্রগুলো অভিজ্ঞতা গ্রহণ করতে পারে। বাংলাদেশ জাতীয় সংসদের পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানমালায় সিপিএ’র সক্রিয় অংশগ্রহণ করবে বলে আশ্বাস প্রদান করেন তিনি।
সোশাল মিডিয়া বিষয়ে সাংসদদের সচেতনতা বাড়ানোর জন্য বাংলাদেশ জাতীয় সংসদের সাথে সিপিএ’র কাজের বিষয়ে স্টিফেন টুইগ আগ্রহ প্রকাশ করলে ওই কাজে সিপিএকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন স্পিকার শিরীন শারমিন। তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে কমনওয়েলথভুক্ত দেশগুলোর আরো জোরালো ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
সাক্ষাৎকালে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজ সাইদা মুনা তাসনিম ও সংসদ সচিবালয়ের যুগ্ম-সচিব এম এ কামাল বিল্লাহ উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ