বাংলাদেশের প্রত্যেক কৃষক পর্যায়ক্রমে কৃষক কার্ড পাবে: পর্যটন প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ

জামালপুর প্রতিনিধি
ছবি প্রতিনিধি
জামালপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বাংলাদেশের প্রত্যেক কৃষক পর্যায়ক্রমে কৃষক কার্ড পাবে। বাংলাদেশের মানুষ আর আগের অবস্থানে থাকবে না। তারা সুখে শান্তিতে সমৃদ্ধ অবস্থানে থাকবে।
তিনি বলেন, মাত্র দুই মাসের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনি ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, খাল খনন এবং আজ কৃষক কার্ড বিতরণ করছেন। অনেকেই বলেছিল এসব নিতে টাকা লাগবে কিন্তু আজ দেখেন মধ্যস্থকারী ছাড়াই উপকার ভোগীদের কাছে টাকা চলে যাচ্ছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে জামালপুরের ইসলামপুরে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যারা আমাদের বিরোধিতা করে বলেছেন যে কৃষক কার্ড নিতে গেলে, ফ্যামিলি কার্ড নিতে গেলে টাকা লাগবে। নেতাদের টাকা দিতে হবে। আপনারা আজকে পর্যবেক্ষণ করলেন দেখলেন। এখানে আমাদের কোনো সম্পৃক্ততা থাকবে না। কৃষক সরাসরি তাদের টাকাগুলি তাদের মোবাইলে পেয়ে যাবে। অর্থাৎ মধ্যস্বত্বভোগী কেউ এখানে থাকবে না।
এর আগে সকাল ১১টার দিকে টাঙ্গাইল থেকে ভার্চুয়ালি কৃষক কার্ড বিতরণের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দুপুরে ইসলামপুরে ১১৫ জন কৃষকের হাতে কৃষক কার্ড ও ৪৬০ টি বিভিন্ন ফলজ বৃক্ষ চারা তুলে দেন এম রশিদুজ্জামান মিল্লাত।
এ সময় অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে ইসলামপুর-২ আসনের সংসদ সদস্য এম সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াছমিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
জনতার আওয়াজ/আ আ