বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতির কোনো স্থান নেই: আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, কিছু ইসলামিক ও নতুন রাজনৈতিক দল নিজেদের স্বার্থ রক্ষার জন্য ষড়যন্ত্র করছে। তারা বিদেশি শক্তির প্ররোচনায় পিআর পদ্ধতির কথা তুলছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এর কোনো স্থান নেই। কখনোই এভাবে জাতীয় নির্বাচন হতে পারে না।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর মিরপুর-২ এ ১৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, তারা জানে, যদি দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে জনগণের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না, কোনো আসনও তারা পাবে না। আমরা দীর্ঘ ১৭ বছর ধরে দেখেছি কে কোথায় ছিল, কে কী করেছে। ষড়যন্ত্র করে নির্বাচন পিছিয়ে দেওয়া কিংবা অপ্রাসঙ্গিক পদ্ধতি চাপিয়ে দেওয়ার সব প্রচেষ্টা ব্যর্থ হবে। আমরা ধৈর্যশীল ও সহনশীলভাবে সব ষড়যন্ত্র মোকাবেলা করব।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার প্রতিটি ভোটের দিন হবে ঈদের দিনের মতো উৎসব।
সেই পরিবেশ আপনাদের তৈরি করতে হবে। জনগণের সমস্যার কথা শুনতে হবে, যেটা সম্ভব সমাধান করতে হবে। আর যা তাৎক্ষণিকভাবে সম্ভব নয়, সে বিষয়ে অঙ্গীকার করতে হবে যে বিএনপি ক্ষমতায় এলে সমাধান করা হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম মিল্টন, দারুস সালাম থানা বিএনপির আহবায়ক এস এ সিদ্দিক সাজু, মহানগর উত্তর বিএনপির সদস্য আবুল হোসেন আব্দুল, হাফিজুর রহমান শুভ্র, জাসাস ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব আনোয়ার হোসেন আনু প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ