বাংলাদেশের বিশ্বস্ত সঙ্গী হতে চায় চীন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুন ২২, ২০২৩ ৪:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুন ২২, ২০২৩ ৪:১১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
চীন বাংলাদেশের বিশ্বস্ত সঙ্গী হিসেবে পাশে থাকতে চায় বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে বৃহস্পতিবার (২২ জুন) সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রণালয়ে নিজ কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের শুরুতে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির ভূয়সী প্রশংসা করেন।
চীনের রাষ্ট্রদূত ব্রিকসে বাংলাদেশের যোগদানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এতে বাংলাদেশের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে। শেখ হাসিনা যেভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে নিজ দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন তা চীন সবসময় সম্মান করে।
রাষ্ট্রদূত দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পে চীনা অর্থায়নের বিষয়টি উল্লেখ করে বলেন, এ প্রকল্প বাস্তবায়ন করার ফলে পরিবেশের সুরক্ষার সাথে সাথে প্রকল্প সংলগ্ন মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে। বাংলাদেশ যদি প্রকল্প প্রস্তাব দেয় তাহলে চীন দুই দেশের মধ্যে সম্পৃক্ততা আরও বাড়াতে চায়।
আলোচনা শেষে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন স্ব স্ব দেশের স্মারক উপহার নিজেদের মধ্যে বিনিময় করেন।
জনতার আওয়াজ/আ আ