বাংলাদেশের মানুষের গণদাবি আ’লীগের কার্যক্রম নিষিদ্ধ করা: নাহিদ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ৩১, ২০২৫ ৫:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ৩১, ২০২৫ ৫:০৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দলটির কার্যক্রম নিষিদ্ধ করা এই মুহূর্তে বাংলাদেশের মানুষের গণদাবি।
সোমবার (৩১ মার্চ) দুপুরে জুরাইন কবরস্থানে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগের বিষয়ে অবস্থান খুবই স্পষ্ট, ‘আগেও বলেছি, এখনো বলছি, আওয়ামী লীগের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। ৫ আগস্ট আওয়ামী লীগ ও মুজিববাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে।
এখন কিভাবে কার্যকর হবে, তা দেখার বিষয়।
তিনি বলেন, যেহেতু বিচার চলছে, আমরা বিচারের প্রতি আস্থাশীল। আমরা মনে করি, বিচার এবং রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টি, সেটি সুরাহা হতে পারে।
তিনি আরো বলেন, ঈদে আনন্দের মাঝেও আমাদের মধ্যে দুঃখ রয়েছে, কারণ গণ-অভ্যুত্থানে আমরা যেসব ভাইবোনকে হারিয়েছি, তাদের ছাড়া অনেকগুলো পরিবার ঈদ পালন করছে।
সেই কষ্ট, সেই বেদনার ভাগ নিতেই জুরাইন কবরস্থানে এসেছি। সব সময় জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের পাশে জাতীয় নাগরিক পার্টি থাকবে বলেও জানান তিনি।
জনতার আওয়াজ/আ আ