বাংলাদেশের সর্বত্র বিচারহীনতা প্রতিষ্ঠিত হয়েছে : ইসলামী আন্দোলন - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশের সর্বত্র বিচারহীনতা প্রতিষ্ঠিত হয়েছে : ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২৬, ২০২৩ ৭:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২৬, ২০২৩ ৭:৫১ অপরাহ্ণ

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, স্বাধীনতার ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের যে অঙ্গীকার ছিল তা আজও বাস্তবায়ন হয়নি। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধ যে ভিত্তির ওপরে সংগঠিত হয়েছিল, সেসব বিষয় আজ চরমভাবে উপেক্ষিত। সাম্যের বিপরীতে বেড়েছে বৈষম্য, দিন দিন ঘটছে মানবিকতার চরম অবক্ষয় এবং সামাজিক ন্যায়বিচারের পরিবর্তে সর্বত্র বিচারহীনতা প্রতিষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুরে রাজধানীর পুরানো পল্টনে আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘মহান স্বাধীনতার ৫৩ বছর; প্রত্যাশা ও প্রাপ্তি’শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, স্বাধীনতার ঘোষণাপত্রে ধর্মপেক্ষতার কথা ছিল না। ’৭২ সালে সংবিধানে ধর্মপেক্ষতা সংযোজন করা হয়। ইসলামী শিক্ষাকে তুলে দেওয়ার চেষ্টায় ডারউইনের নাস্তিক্যবাদী মতবাদ নতুনভাবে সংযোজন করা হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন—কেন্দ্রীয় নেতা মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, আবুল কাশেম, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন খান, ডা. মো. শহিদুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক, মো. নূরুজ্জামান সরকার, মাওলানা কে এম শরীয়াতুল্লাহ, অধ্যাপক ফজলুল হক মৃধা, নজরুল ইসলাম খোকন, নজরুল ইসলাম, এইচ এম রফিকুল ইসলাম, কামাল হোসেন, শেখ আবু তাহের, ইসমাঈল হোসেন, নাজিম উদ্দীন গাজী, গোলামুর রহমান আজম, প্রকৌশলী গোলাম মোস্তফা, প্রকৌশলী তাজওয়ার হাসান।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী একটি গোষ্ঠী সাংস্কৃতিক অগ্রযাত্রার নামে দেশটাকে নর্তকি ও নষ্টামির সাগরে ডুবিয়ে দিতে উঠেপড়ে লেগেছে। সম্প্রতি ভারতকে সিলেট ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের প্রস্তাব দেশের স্বাধীনতাকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করার নতুনভাবে চক্রান্ত শুরু করেছে। ভারতের সঙ্গে যে কোনো চুক্তি করতে হলে জনগণের সঙ্গে আলোচনা করতে হবে।

তিনি আরও বলেন, আজ সারা দেশে দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়েই চলেছে। যেন বাজার ব্যবস্থাপনায় কারও কোনো নিয়ন্ত্রণ নেই। যেখানে গোটা বিশ্বে পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য হ্রাস করা হয়, সেখানে বাংলাদেশের একদল অসাধু ব্যবসায়ী সরকারের অবৈধ মদদে সিন্ডিকেট তৈরি করে বাজারকে অস্থিতিশীল করে রাখে। অতিদ্রুত বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হবে। নতুবা এই বাজারে আগুনেই একদিন স্বৈরশাসনের পতন হবে।

সভাপতির বক্তব্যে মাওলানা ইমতিয়াজ আলম বলেন, অশুভ শক্তির মোকাবিলা করে ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বঙ্গবন্ধু ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তার কন্যা ভোটের অধিকার কেড়ে নিয়ে দিনের ভোট রাতে করে বাবার আদর্শ থেকে দূরে সরে গেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ