বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত।

বুধবার (১৭ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে নিয়ে দিল্লির আনুষ্ঠানিক অবস্থান স্পষ্টভাবে জানানো হয়। পরে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে ভারত জানায়, বাংলাদেশে কিছু উগ্রবাদী গোষ্ঠীর কর্মকাণ্ড নিয়ে তাদের বিশেষ উদ্বেগ রয়েছে। এসব গোষ্ঠী ঢাকায় অবস্থিত ভারতীয় মিশন ঘেরাও বা নিরাপত্তা বিঘ্নিত করার পরিকল্পনা করছে বলে হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়। ভারত সাফ জানিয়ে দিয়েছে, সাম্প্রতিক ঘটনাগুলোকে কেন্দ্র করে উগ্রবাদী মহল যে বিভ্রান্তিকর বক্তব্য বা ‘ভুল বয়ান’ ছড়ানোর চেষ্টা করছে, তা তারা সম্পূর্ণ প্রত্যাখ্যান করে।

একইসঙ্গে ভারতীয় পক্ষ দুঃখ প্রকাশ করে জানায়, অন্তর্বর্তী সরকার এখনো এসব ঘটনার বিষয়ে পূর্ণাঙ্গ ও বিশ্বাসযোগ্য তদন্ত সম্পন্ন করেনি এবং ভারতের সঙ্গে কোনো সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ শেয়ার করেনি। দিল্লির পক্ষ থেকে আরও বলা হয়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ। ভারত বরাবরই বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা এবং একটি মুক্ত ও বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে।

কূটনৈতিক বাধ্যবাধকতা অনুযায়ী বাংলাদেশে অবস্থিত সকল বিদেশি মিশন ও কূটনৈতিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট সরকারের। এ ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে—এমন জোরালো প্রত্যাশাও ব্যক্ত করেছে ভারত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ