বাংলাদেশে মানবাধিকার বলতে কিছু বাকি নেই : ডা: ইরান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ডিসেম্বর ১০, ২০২৩ ১০:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ডিসেম্বর ১০, ২০২৩ ১০:০৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
দেশের এখন মানবাধিকার বলতে কিছু বাকি নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেছেন, আওয়ামী লীগ বিগত ১৫ বছরের দুঃশাসনের মাধ্যমে দেশের মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচারকে কবরে পাঠিয়েছে। বাংলাদেশের এখন মানবাধিকার বলতে কিছু অবশিষ্ট নেই। এখন ঘরে থাকলে খুন আর বাইরে গেলে গুম। সরকার আইনশৃংখলা বাহিনীকে ব্যবহার করে গুম-খুন, অপহরণ-গুপ্ত হত্যা, হামলা-মামলা, নির্যাতন-নিপীড়ন করছে।
রোববার দুপুরে পুরানা পল্টন সড়কে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচারের দাবিতে বাংলাদেশ লেবার পার্টি, ঢাকা মহানগর আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রহসনের একতরফা নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানিয়ে ডাঃ ইরান বলেন, নির্বাচন কমিশন সংবিধানের দোহাই দিয়ে দেশকে রক্তাক্ত সঙ্ঘাত ও সহিংসতার দিকে ঠেলে দিয়েছে। চলমান সঙ্ঘাতময় রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনার অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। বিএনপি, জামায়াতসহ দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। কারণ জনগণ ভোটকেন্দ্রে যাবে না, নির্বাচনের নামে তামাশা জনগণ প্রতিহত করবে।
নগর সহ-সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব আবদুর রহমান খোকন, মোহাম্মদ হেলাল উদ্দিন, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, কেন্দ্রীয় সদস্য শওকত হোসেন, নগর সদস্য মোঃ লিটন, রবিউল ইসলাম, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মোঃ মিলন ও যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
-প্রেস বিজ্ঞপ্তি
জনতার আওয়াজ/আ আ