বাংলাদেশ-ইইউ অংশীদারিত্ব ও সহযোগিতা প্রাথমিক চুক্তি স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬ ১২:২৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬ ১২:২৯ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে অংশীদারিত্ব ও সহযোগিতার প্রাথমিক চুক্তি স্বাক্ষর হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে ব্রাসেলস-এ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি ও ভাইস-প্রেসিডেন্ট কায়া কালাস-এর উপস্থিতিতে চুক্তির প্রাথমিক অংশে স্বাক্ষর করা হয়।
এর মাধ্যমে ইইউর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে গেল। উন্নয়ন সহযোগী থেকে ইইউ এখন বাংলাদেশের রাজনৈতিক অংশীদারও।
সোমবার বাংলাদেশের পক্ষে সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম এবং ইইউর পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (এশিয়া ও প্যাসিফিক) পাওলা পাম্পালনি স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন-পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ইউরোপীয় কমিশনের হাই রিপ্রেজেন্টেটিভ ও ভাইস-প্রেসিডেন্ট কায়া কালাস।
চুক্তির প্রাথমিক অংশে স্বাক্ষরের আগে উভয় পক্ষের মধ্যে একটি ফলপ্রসূ বৈঠক হয়। সেখানে বাণিজ্য ও বিনিয়োগকে কেন্দ্র করে রাজনৈতিক, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা, ইন্দো-প্যাসিফিক সহযোগিতা, অভিবাসন, দক্ষতা উন্নয়ন, শ্রমমান এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
উভয় পক্ষ বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ, অগ্রাধিকারমূলক বাজার প্রবেশাধিকারের গুরুত্ব এবং একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও বিনিয়োগ সুরক্ষা চুক্তি (আইপিএ) নিয়ে আলোচনা শুরুর ওপর গুরুত্বারোপ করে। তারা একটি ভবিষ্যতমুখী অংশীদারিত্বের প্ল্যাটফর্ম হিসেবে নতুন বাংলাদেশ-ইইউ অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ)-কে স্বাগত জানায়।
জনতার আওয়াজ/আ আ