বাংলাদেশ দলের প্রবাসী ফুটবলার আনিকার গল্প
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬ ২:৫২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬ ২:৫২ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ নারী ফুটবলের ইতিহাসে নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে। অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠেয় এএফসি নারী এশিয়ান কাপের জন্য ঘোষিত ২৯ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন সুইডেন প্রবাসী ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকী। এক সপ্তাহ ধরে ঢাকায় ট্রায়াল দিয়ে প্রাথমিক দলে ডাক পান ২০ বছর বয়সী এ ফরোয়ার্ড। নারী জাতীয় দলে দ্বিতীয় প্রবাসী খেলোয়াড় হিসেবে ডাক পেলেন আনিকা। মাতসুশিমা সুমাইয়া ছিলেন বাংলাদেশের একমাত্র প্রবাসী খেলোয়াড়। থাইল্যান্ডে সদ্য সমাপ্ত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন জাপান প্রবাসী ফরোয়ার্ড। তবে আনিকাই প্রথম ইউরোপীয় ঘরানায় বেড়ে ওঠা ফুটবলার, যিনি লাল-সবুজের জার্সিতে মাঠ মাতানোর অপেক্ষায় আছেন।
আনিকা রানিয়া সিদ্দিকীর জন্ম এবং বেড়ে ওঠা সুইডেনে। ২৫শে মে ২০০৫ সালে জন্মগ্রহণ করা এই ফুটবলারের বাবা-মা দুজনেই বাংলাদেশি। তারা দীর্ঘদিন ধরে সুইডেনে থাকেন। সেখানেই পড়াশুনা করেছেন আনিকা। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও উইঙ্গার হিসেবে তিনি সমান পারদর্শী। মাঠের ডান ও বাম- উভয় প্রান্তেই তিনি ক্ষিপ্র আক্রমণ করতে পারেন। প্লে-মেকিং ও গোল করার ক্ষেত্রেও দক্ষ। ২০২৩ সালে প্রথমবার আলোচনায় এলে কোচ গোলাম রব্বানী ছোটন আগ্রহ দেখান। তবে তখন পড়াশোনার ব্যস্ততায় ঢাকায় আসতে পারেননি আনিকা। এবার নিজস্ব খরচেই বাংলাদেশে ট্রায়াল দিতে আসেন তিনি।
আনিকা সুইডেনের শীর্ষ লীগে ক্লাব আইএফ ব্রোম্মাপোজকার্নাতে খেলেন। ক্লাবটির অনূর্ধ্ব-১৯ দল থেকে উঠে আসা এ ফুটবলার এখন মূল দলেও জায়গা করে নিয়েছেন। এ মাসেই সুইডিশ কাপে তার সিনিয়র দলের হয়ে অভিষেক হয়। এরপরই বাংলাদেশের হেড কোচ পিটার বাটলারের নজরে আসেন আনিকা।
বর্তমানে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প চলছে ফিটনেস ট্রেইনার ক্যামেরন লর্ড ও আবুল হোসেনের তত্ত্বাবধানে। প্রধান কোচ পিটার বাটলার বর্তমানে নেপালে অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে সাফ চ্যাম্পিয়নশিপে ব্যস্ত থাকায় ট্রেইনাররাই ফিটনেসের বিষয়টি দেখভাল করছেন। এই ক্যাম্পে ২৯ জনকে ডাকা হয়েছে। তাদের মধ্যে আনিকা রানিয়া সিদ্দিকী ছাড়াও তনিমা বিশ্বাস, রুমা আক্তার, উম্মে কুলসুম ও সুরমা জান্নাতের মতো তরুণ ফুটবলার প্রথমবার জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলেন। বয়সভিত্তিক টুর্নামেন্টে ব্যস্ত থাকায় এই মুহূর্তে জাতীয় দলের ক্যাম্পে নেই মমনী চাকমা, জয়নব বিবি রিতা ও মুনকি আক্তার। ৭ই ফেব্রুয়ারি নেপালে অনূর্ধ্ব-১৯ সাফের ফাইনাল শেষে তারা জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। বাফুফে জানিয়েছে, ৯ই ফেব্রুয়ারি নারী ফুটবল লীগ শুরু হওয়ার আগে জাতীয় দলের এই প্রাথমিক ক্যাম্প শেষ হবে।
জনতার আওয়াজ/আ আ