বাংলাদেশ-ব্রুনাইয়ের মধ্যে ১ চুক্তি ও ৩ সমঝোতা স্মারক সই - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশ-ব্রুনাইয়ের মধ্যে ১ চুক্তি ও ৩ সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ১৬, ২০২২ ৭:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ১৬, ২০২২ ৭:১৮ অপরাহ্ণ

 

বাংলাদেশ-ব্রুনাইয়ের মধ্যে একটি চুক্তি এবং তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। রবিবার (১৬ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ সফররত ব্রুনাই দারুসসালামের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ’র বৈঠকে এসব সই হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রুনাই ও বাংলাদেশের মধ্যে বিমান চলাচল সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়া জনশক্তি রফতানি, জ্বালানি সহযোগিতা ও নাবিকদের সার্টিফিকেশন সংক্রান্ত তিনটি সমঝোতা স্মারক সই হয়।

‘এয়ার সার্ভিস অ্যাগ্রিমেন্ট’ চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং ব্রুনাইয়ের পক্ষে প্রধানমন্ত্রীর অফিস মন্ত্রী এবং ব্রুনাইয়ের ফাইন্যান্স ও ইকোনোমি মন্ত্রী আমিন আবদুল্লাহ।

‘বাংলাদেশি জনশক্তি নিয়োগ’ বিষয়ে ঢাকার সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে ব্রুনাই। এ সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে সহ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এবং ব্রুনাইয়ের পক্ষে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদিন বিন হাজি আবদুল রহমান।

‘তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং প্রেটোলিয়াম পণ্য’ সরবরাহ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করে দুই দেশ। এ সমঝোতা স্মারকে সই করেন ব্রুনাইয়ের প্রধানমন্ত্রীর অফিস মন্ত্রী এবং দেশটির ফাইন্যান্স ও ইকোনোমি মন্ত্রী আমিন আবদুল্লাহ এবং বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

তৃতীয় সমঝোতা স্মারকটি হলো ‘রিকগনিশন অব সার্টিফিকেট ইস্যুড আন্ডার দ্য প্রভিশন্স অব দ্য ইন্টারন্যাশনাল কনভেনশন অন স্ট্যান্ডার্ডস অব ট্রেনিং, সার্টিফিকেশন অ্যান্ড ওয়াচ কিপিং ফর সিফেয়ারস, ১৯৭৮ অ্যাজ অ্যামেন্ডেড’। এ সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং ব্রুনাইয়ের প্রধানমন্ত্রীর অফিস মন্ত্রী এবং দেশটির ফাইন্যান্স ও ইকোনোমি মন্ত্রী আমিন আবদুল্লাহ।

এর আগে বিকেলে সাড়ে তিনটার দিকে ঢাকায় সফররত ব্রুনাই দারুসসালামের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে তার কার্যালয়ে আসেন। প্রধানমন্ত্রীর কার্যালয় চত্বরে ব্রুনাইয়ের সুলতান এসে পৌঁছালে প্রধানমন্ত্রী টাইগার গেটে রাষ্ট্রীয় অতিথিকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান।

পরে দুই দেশের সরকারপ্রধান একান্তে বৈঠক করেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন।

শনিবার (১৫ অক্টোবর) দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন ব্রুনাইয়ের সুলতান। তার সফরসঙ্গী হিসেবে এসেছেন দেশটির রাজপরিবারের সদস্য, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উচ্চপর্যায়ের কর্মকর্তারা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকা সফর করছেন হাজি হাসানাল বলকিয়াহ।

সুলতান আগামীকাল সোমবার (১৭ অক্টোবর) ঢাকা ত্যাগ করবেন। এর আগে বিমানবন্দরে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদানের পর পররাষ্ট্রমন্ত্রী ব্রুনাইয়ের সুলতান ও তার সফর সঙ্গীদের বিদায় জানাবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ