বাংলা ভাষাকে ধারণ করতে হলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না: জ্বালানিমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৪, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলা ভাষাকে ধারণ করতে হলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না: জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি

বাংলা ভাষাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয় তাহলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডিটোরিয়ামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী এ মন্তব্য করেন।

ইকবাল হাসান টুকু বলেন, “বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ এগুলো বাংলার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, তারা এই শ্লোগান ব্যবহার করত।” তিনি আরও বলেন, “এগুলো বললে কেউ আমাকে ভারতের দালাল বানিয়ে ফেলতে পারে, তবুও আমি বলব, কারণ আমার জীবন আছে বলেই আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম এবং মন্ত্রী হয়েছি।”

মন্ত্রী বলেন, ব্রিটিশ শাসন আমাদের দেশে অনেক ক্ষতি করেছে। তারা আমাদের রাষ্ট্রভাষাকে দমন করেছিল এবং জনগণকে শোষণ করেছিল। ১৯৫৪ সালের আন্দোলনে যারা প্রাণ দিয়েছে, তারাই বাংলাদেশ এবং বাঙালীর আবস্থানের মূল বীজ বপন করেছিলেন। সেই বীজই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছে। তিনি উপস্থিত শিক্ষার্থী ও যুবকদের উদ্দেশ্য করে বলেন, “তোমরা যারা তরুণ, তোমাদের ভাবতে হবে। তা না হলে আমাদের দেশে এক্সট্রিম রাইটের প্রভাব বাড়তে পারে।”

মন্ত্রী আরও বলেন, “আমরা নিজের ভাষাকে ঠিকমতো জানার চেষ্টা করি নি বলেই আমাদের মধ্যে ন্যাশনালিজম বিকাশ পায়নি। আমাদের নিজের ভাষা, নিজের দেশকে আমরা নিজে গড়ে তুলতে হবে; অন্য কেউ আমাদের জন্য তা করবে না।”

সভায় জেলা প্রশাসক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, শিক্ষক, ছাত্রছাত্রী এবং জেলার বিভিন্ন স্তরের সাংস্কৃতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও চর্চা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ