বাবার খুনি আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে তিন কিলোমিটার হেঁটে থানায় দুই শিশু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২ ৩:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২ ৩:২৯ অপরাহ্ণ

বাবার খুনি আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তি দাবিতে মহাসড়কে তিন কিলোমিটার হেঁটে থানায় গেল দুই শিশু। সাভারের রামচন্দ্রপুর গ্রামের নিহত ওষুধ ব্যবসায়ী হোসেন আলীর দুই ছেলের সঙ্গে শত শত নারী-পুরুষ সোমবার, ডিসেম্বর ১২, ২০২২, সাভার মডেল থানার প্রধান গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন।
হোসেন আলী গত শুক্রবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২৬ নভেম্বর তাঁর ওপর হামলা করে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম সাবু সহ স্থানীয়ে আওয়ামী সন্ত্রাসীরা। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হলেও পুলিশ প্রধান আসামি ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম সাবুকে গ্রেপ্তার করতে পারেনি।
শফিকুল ইসলাম সাবু ছাড়াও অভিযুক্তদের মধ্যে আছেন- তাঁর সহযোগী আনোয়ার হোসেন, মো. আব্বাস বাদল, কামরুল, নাঈম, আনিস ও মুন্না। তাঁরা সবাই রাজফুলবাড়িয়া এলাকার বাসিন্দা।
অবস্থান কর্মসূচি চলার সময় তানিয়া আক্তার নামে এক নারী বলেন, হোসেন আলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাঁর চার সন্তানকে এখন কে দেখবে, কে খাওয়াবে। তাঁরা হত্যাকারীদের ফাঁসি চান। হোসেন আলীর মা মরিয়ম আহাজারি করতে করতে বলেন, ‘আমার সন্তানকে যারা হত্যা করেছে, তারা এখনও গ্রেপ্তার হয়নি। আসামিদের দ্রুত বিচার চাই।’
হোসেন আলীর ৮ ও ১০ বছর বয়সী দুই ছেলে বাবার হত্যাকারীদের ফাঁসি চেয়ে প্ল্যাকার্ড হাতে সড়কে দাঁড়ালে সেখানে জড়ো হন শত শত মানুষ। ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের ফুলবাড়িয়া থেকে প্রায় তিন কিলোমিটার হেঁটে এসে বিকেলে থানায় অবস্থান নেয় তারা।
জনতার আওয়াজ/আ আ