বার্মিংহামে যুক্তরাজ্য বিএনপির জোন-২ এর ১৯ জোনাল কমিটির প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৩২, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বার্মিংহামে যুক্তরাজ্য বিএনপির জোন-২ এর ১৯ জোনাল কমিটির প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১০, ২০২৬ ৩:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১০, ২০২৬ ৩:১০ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি
ছবিঃ সংগৃহীত
যুক্তরাজ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয়ে বার্মিংহামে অনুষ্ঠিত হলো যুক্তরাজ্য বিএনপির জোন-২ এর আওতাধীন ১৯টি জোনাল কমিটির প্রতিনিধি সমাবেশ। গত সোমবার বিকেল ৫টায় বার্মিংহামের একটি স্থানীয় হলে আয়োজিত এ সভায় যুক্তরাজ্য বিএনপি‘র নেতৃবৃন্দ, জোনাল প্রতিনিধি ও তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা অংশ গ্রহন করেন।
সমাবেশে উদ্বোধনী বক্তব্যে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আজাদ আবুল কালাম বলেন, “দলের দুর্দিনে যারা ত্যাগ-তিতিক্ষা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সংগঠনকে টিকিয়ে রেখেছেন, তারাই আগামী দিনে যুক্তরাজ্য বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃত্বে আসবেন।” তিনি জানান, যুক্তরাজ্যে দলকে একটি শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠিত করতে আহ্বায়ক কমিটি ইতোমধ্যে প্রত্যেক জোনে ধারাবাহিকভাবে সাংগঠনিক সফর শুরু করেছেন।


তিনি আরও বলেন, তৃণমূল প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে নবীন ও প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে প্রতিটি সাংগঠনিক কমিটি পুনর্গঠন করা হবে। প্রকৃত আদর্শে বিশ্বাসী ও পরীক্ষিত নেতা-কর্মীদের মূল্যায়ন করা হবে উল্লেখ করে তিনি স্পষ্টভাবে জানান, দলের আদর্শবিরোধী বা কোনো অপশক্তির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এমন ব্যক্তির স্থান যুক্তরাজ্য বিএনপি কিংবা এর কোনো সাংগঠনিক কমিটিতে হবে না।
আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব খসরুজ্জামান খসরুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন শরীফুজ্জামানজামান চৌধুরী তপন, এমদাদ হোসেন টিপু, তাজুল ইসলাম, মোহাম্মদ ফয়জুল হক, মিজবাউজ্জামান সুহেল, গুলজার খাঁন,হাসানাত কবীর খান রিপন, আসাদুজ্জামান আহমেদ, ফখরুল ইসলাম বাদল, সালেহ গজনবী, সেলিম আহমেদ, শামীম আহমেদ এবং হাবিবুর রহমান হাবীব প্রমুখ।
সম্মেলনে বক্তারা যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী, কার্যকর ও প্রাণবন্ত করতে অভিজ্ঞতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে জোনাল ও অন্যান্য কমিটিগুলোকে ঢেলে সাজানোর ওপর গুরুত্বারোপ করেন। তৃণমূল প্রতিনিধিরা মতামত প্রদানকালে দলের ঐক্য, শৃঙ্খলা ও আদর্শিক অবস্থান সুদৃঢ় রাখার আহ্বান জানান।
এ সময় বার্মিংহাম সিটি বিএনপি, বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপি, ইস্ট মিডল্যান্ডস বিএনপি, কভেন্ট্রি বিএনপি, পোর্টসমাউথ বিএনপি, সাউদাম্পটন বিএনপি, কার্ডিফ বিএনপি, সোয়ানসি বিএনপি এবং গ্লস্টার অ্যান্ড ওরচেস্টার বিএনপির প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এছাড়া প্রস্তাবিত নতুন জোন হিসেবে লেস্টার বিএনপি, ব্রিস্টল বিএনপি, নিউপোর্ট বিএনপি, ডার্বিশায়ার বিএনপি, নটিংহাম বিএনপি এবং স্টোক-অন-ট্রেন্ট বিএনপির প্রতিনিধিরাও মতামত তুলে ধরেন।
নতুন নেতৃত্ব নির্বাচনের প্রাক্কালে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, দলের সংকটময় সময়ে আত্মত্যাগ ও সক্রিয় ভূমিকা পালনকারী নেতাকর্মীদের অবদান যথাযথভাবে মূল্যায়নের আশ্বাস দেন নেতৃবৃন্দরা।
সদস্য সচিব খসরুজ্জামান খসরু বলেন, “যুক্তরাজ্য বিএনপি হলো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের আবেগ ও ভালোবাসার সংগঠন। তাই নতুন নেতৃত্ব নির্ধারণের আগে অতীতের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের অবদান বিবেচনায় আনা হবে।”
প্রতিনিধি সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ফিরোজ চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা এবং সাংগঠনিক সম্পাদক এম এ মোশাহিদ।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং যুক্তরাজ্য বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করা হয়।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও গঠনমূলক মতবিনিময়ের মধ্য দিয়ে যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ