বাস্তব জীবনে ‘সিঙ্গেল’ স্পর্শিয়া
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুলাই ১১, ২০২৩ ১১:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুলাই ১১, ২০২৩ ১১:০৫ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
‘সুস্বাগতম’ শিরোনামে নতুন সিনেমায় চিত্রনায়ক নিরবের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এটি নির্মাণ করছেন শফিকুল আলম। রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মার পাড়ে চলছে এর শুটিং।
‘সুস্বাগতম’ নিয়ে স্পর্শিয়া বলেন, ‘নিরবের সঙ্গে আবারও কাজ করেছি, ভালোই হয়েছে। আমাদের দুজনের কাজের অভিজ্ঞতাও চমৎকার। তাই নতুন কাজে আমাদের বোঝাপড়াটাও সহজ হয়েছে।’
জানা গেছে, ‘সুস্বাগতম’ সিনেমার গল্প প্রেমের হলেও একজন মেয়ের পাইলট হওয়ার স্বপ্নকে ঘিরে এগিয়ে যায় এটি। যে গল্প শহর ও গ্রাম থেকে উঠে এসেছে। এতে দুই সময়ের দুটি চরিত্রে অভিনয় করবেন স্পর্শিয়া। চরিত্র দুটির নাম রহিমন ও করিমন।
অন্যদিকে হাসান চরিত্রে অভিনয় করছেন নিরব। ২৫ বছর আগে রহিমনের সঙ্গে হাসানের প্রেম থেকে বিয়ে হয়। সেই ঘরেই করিমনের জন্ম হয়। পরবর্তী সময়ে বাবার চরিত্রে দেখা যাবে তাকে। শুরুতে যুবক, গল্পের শেষে বয়স্ক চরিত্রে দেখা যাবে নিরবকে।
স্পর্শিয়া বলেন, ‘২৫ বছর আগের রহিমন আর ২৫ বছর পরের রহিমনের মেয়ে করিমন চরিত্রে আমাকে অভিনয় করতে হবে। মজার ব্যাপার, দুই সময়েরই যুবতি চরিত্রে আমাকে দেখা যাবে। সুতরাং মা-মেয়ের চেহারার কোনো পরিবর্তন থাকে না। এর ফলে দুটি চরিত্রে কাজ করা অনেকটাই সহজ হবে।’
পর্দায় নিরবের সঙ্গে প্রেম করতে দেখা গেলেও বাস্তব জীবনে বর্তমানে ‘সিঙ্গেল’ স্পর্শিয়া। অভিনয় ও চাকরি নিয়েই ব্যস্ত সময় পার হচ্ছে তার। অভিনেত্রী জানালেন, একটি ‘ক্রিয়েটিভ কোম্পানি’তে ক্রিয়েটিভ হেড ও প্রোডিউসার হিসেবে কাজ করছেন তিনি। কারো সঙ্গে বর্তমানে কোনো প্রেমের সম্পর্ক নেই। শুধু সিনেমা আর কাজের সঙ্গেই সম্পর্ক।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর নির্মাতা রাফসান আহসানের সঙ্গে বাগদান সম্পন্ন হয় স্পর্শিয়ার। একই বছরের ১ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। এর দুই বছর পরেই বিবাহ বিচ্ছেদ হয়ে এই জুটির।
জনতার আওয়াজ/আ আ