বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা মামলার আসামিকে গলা কেটে হত্যা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা মামলার আসামিকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ৭, ২০২২ ৮:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ৭, ২০২২ ৮:৫২ অপরাহ্ণ

 

মাদারীপুরের রাজৈরে বাড়ি থেকে তুলে নিয়ে শাহীন শেখ নামে হত্যা মামলার আসামিকে কুপিয়ে গলা ও পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার চৌরাশি এলাকার একটি বাগান থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত শাহীন শেখ (২৫) বাজিতপুর গ্রামের মোস্তফা শেখের ছেলে। তিনি ওই এলাকার মুরগি ব্যবসায়ী সোহেল হাওলাদার হত্যা মামলার আসামি ছিলেন।

পুলিশ, স্বজন ও স্থানীয়রা জানান, বাড়ির লোকজন অন্যত্র বেড়াতে যাওয়ায় রাতের খাবার খেয়ে ঘরে একাই ঘুমিয়ে পড়েন শাহীন শেখ (২৫)। পরে রোববার সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার চৌরাশি এলাকার একটি বাগান থেকে শাহীনের গলা ও পায়ের রগ কাটা লাশ উদ্ধার করা হয়।

পূর্বশত্রুতার জেরে বেশ কিছুদিন ধরে শাহীনকে হত্যার ঘোষণা দিয়ে আসছিল প্রতিপক্ষের লোকজন। এরই জেরে বাড়ি থেকে রাতে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে গলা ও পায়ের রগ কেটে হত্যা করা হয় শাহীনকে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পর পুরো এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

স্থানীয় সূত্র জানায়, একপক্ষ আরেকপক্ষকে ফাঁসাতে প্রায়ই এমন ঘটনার সৃষ্টি করে। শাহীন হত্যাকাণ্ড এর বাইরে কিছুই নয়। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে এর আসল রহস্য বেরিয়ে আসবে। এ ঘটনা যাতে পুনরায় না ঘটে এমন দাবি এলাকাবাসীর।

নিহত শাহীনের চাচাতো ভাই মো. জব্বার জানান, পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়। এর কঠিন বিচার চাই।

নিহতের পিতা মোস্তফা শেখ জানান, আমার ছেলে এলাকার সোহেল হত্যা মামলার ৬নং আসামি ছিল। আমাদের শত্রুরাই আমার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করেছে। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা জানান, প্রতিপক্ষের লোকজন নাকি হত্যা মামলা থেকে বাঁচতে নিজেরাই এই ঘটনা ঘটিয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য মাইনউদ্দিন হাওলাদার (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ