বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ৯, ২০২৩ ৯:৩৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ৯, ২০২৩ ৯:৩৭ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ রোববার (৯ এপ্রিল) থেকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীরা রাজধানীর বিআরটিসি বাস ডিপো থেকে এই টিকিট সংগ্রহ করতে পারবেন।
শুক্রবার (৭ এপ্রিল) বিআরটিসি জানায়, ঈদের অগ্রিম টিকিট মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ (চাষাঢ়া) বাস ডিপো থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া আগামী ১৮ এপ্রিল থেকে জরুরি সেবার জন্য ঢাকার বিভিন্ন ডিপো ও টার্মিনালে ৬০টি বাস রাখা হবে। এসব বাস সায়েদাবাদ বাস টার্মিনাল, মিরপুর ১২ নম্বরের বাস ডিপো, কল্যাণপুর বাস ডিপোর সামনে, নবীনগর, মতিঝিল বাস ডিপোর সামনে, মহাখালী বাস টার্মিনাল, জোয়ারসাহারা বাস ডিপো, গাজীপুর চৌরাস্তা, মোহাম্মদপুর বাস ডিপো, হেমায়েতপুর ও চন্দ্র বাস টার্মিনাল থাকবে।
আজ রোববার প্রথম দিনে মিলবে আগামী ১৪ এপ্রিলের টিকিটি। এর মধ্যদিয়ে এবারের ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করতে যাচ্ছে সরকার মালিকানাধীন গণপরিবহনটি। এ বছর বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস চলবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত।
বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম জানিয়েছেন, ঈদ সার্ভিসে সারাদেশে বিআরটিসি ৯০০টি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রয়োজন হলে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।
জনতার আওয়াজ/আ আ