বিএনপিকে মাঠ ব্যবহারের অনুমতি ডিএসসিসির - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপিকে মাঠ ব্যবহারের অনুমতি ডিএসসিসির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ১০, ২০২২ ৩:৩৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ১০, ২০২২ ৩:৩৮ পূর্বাহ্ণ

 

গোলাপবাগ খেলার মাঠের কোনো ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলে তার ক্ষতিপূরণ দেওয়ার শর্তে বিএনপিকে মাঠ ব্যবহারের অনুমতি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। শুক্রবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স গোলাপবাগ খেলার মাঠ ব্যবহারের অনুমতি চেয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন।

এ সময় এ মাঠে গণসমাবেশের জন্য ঢাকা মেট্র্রোপলিটন পুলিশের অনুমতি পাওয়া গেছে বলে সেই আবেদনে উল্লেখ করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আকরামুজ্জামান শর্তসাপেক্ষে এ অনুমতি প্রদান করেন।

এদিন রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের। তিনি গণমাধ্যমকে বলেন, ‘গোলাপবাগ খেলার মাঠের কোনো ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলে তার ক্ষতিপূরণ প্রদানের শর্তে বিএনপিকে মাঠ ব্যবহারের অনুমতি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি।’

ডিএসসিসির প্রকৌশল দপ্তর সূত্র জানায়, ২০০৬-২০১৭ সাল পর্যন্ত এ মাঠ মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের নির্মাণকাজে ব্যবহৃত হয়। পরে ১৫ কোটি টাকা ব্যয়ে গোলাপবাগ মাঠ সংস্কার কাজ শুরু করে ডিএসসিসি। প্রায় সাড়ে চার একর আয়তনের মাঠে থাকবে একটি বাণিজ্যিক ভবন, ক্রিকেট ও ফুটবল মাঠ, বাস্কেটবল কোর্ট ও স্কেটিংয়ের জায়গা।

এছাড়া মাঠের এক কোণে গ্রন্থাগার, ব্যায়ামাগার, গণশৌচাগার নির্মাণ করা হয়েছে। এরইমধ্যে সব কাজ শেষ হয়েছে। যদিও ২০১৮ সালের সেপ্টেম্বরে এ কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ঠিকাদারের গাফিলতিতে তা করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ডিএসসিসি।

এর আগে, কমলাপুর স্টেডিয়ামে গণসমাবেশ করতে আবেদন জানায় বিএনপি। এ সময় পুলিশের পক্ষ থেকে মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠ প্রস্তাব করা হয়। কিন্তু আজকে বিএনপির সমাবেশের ভেন্যু হিসেবে গোলাপবাগ মাঠ প্রস্তাব করে। এ বিষয়ে প্রয়োজনীয় কাগজ জমা দেওয়ার পর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার অনুমতি প্রদান করে ডিএমপি কমিশনার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ