বিএনপিতে যোগ দিলেন সাবেক জামায়াত নেতা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সাবেক জামায়াত নেতা মো. আইনুদ্দিন সরকার বিএনপিতে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৫টায় আয়োজিত এক সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ মো. আখতারুজ্জামান মিয়ার হাতে ধানের শীষের প্রতীক ও ফুলের তোড়া গ্রহণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
মো. আইনুদ্দিন সরকার উপজেলার আব্দুলপুর ইউনিয়নের ২ নম্বর আন্ধারমূহা ওয়ার্ড জামায়াতের সাবেক সভাপতি ছিলেন। তার বিএনপিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম।
বিএনপিতে যোগদানের বিষয়ে মো. আইনুদ্দিন সরকার বলেন, তিনি স্বেচ্ছায় জামায়াতের সভাপতিসহ অন্যান্য দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন।
আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ময়েন উদ্দীন শাহ জানান, মো. আইনুদ্দিন সরকার বিএনপিতে যোগদান করেছেন।
এদিকে চিরিরবন্দর উপজেলা জামায়াতের আমির রাশেদুল ইসলাম বলেন, মো. আইনুদ্দিন সরকার চিরিরবন্দর উপজেলা জামায়াতের সহযোগী সংগঠন পেশাজীবী ফোরামের চিকিৎসক বিভাগের সভাপতি ছিলেন। জামায়াতের আকীদা ও সাংগঠনিক নিয়ম-নীতিমালা অনুসরণে ব্যর্থ হওয়া এবং সংগঠনের মূলনীতির পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে তিনি নিজেই দায়িত্ব হস্তান্তর করেন।
তিনি আরও বলেন, এরপর থেকে আইনুদ্দিন সরকারের সঙ্গে জামায়াত বা এর কোনো সহযোগী সংগঠনের আর কোনো সম্পৃক্ততা ছিল না। ৫ আগস্টের আগে তিনি আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলতেন এবং গণঅভ্যুত্থানের পর বিএনপিতে যোগ দেন। বিষয়টি গতকাল আনুষ্ঠানিকভাবে বিএনপি প্রকাশ করেছে।
জনতার আওয়াজ/আ আ