বিএনপির অবস্থান কর্মসূচিতে গ্রেফতার, হামলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ৯, ২০২৩ ৬:২০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ৯, ২০২৩ ৬:২০ পূর্বাহ্ণ

বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে ২৪টি থানায় অবস্থান কর্মসূচি পালিত করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সময় পুলিশ ও সরকার সমর্থকদের হামলাসহ অসংখ্য নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগ করেছে দলটি। শনিবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনু এই অভিযোগ করে গ্রেফতারদের অবিলম্বে মুক্তির দাবি জানান।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পালিত কর্মসূচিগুলো হলো-
দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। রাজধানীর মৌচাকে কর্মসূচি পালনকালে পুলিশ হামলা চালিয়ে রমনা থানা বিএনপির ১৯নং ওয়ার্ড সভাপতি আব্দুল মোতালেবকে গ্রেফতার করে। ধোলাইখালে দলের আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এ্যাড. ফাহিমা নাসরিন মুন্নি ও সূত্রাপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলামের সাথে পুলিশের বাকবিতণ্ডার এক পর্যায়ে যুবলীগের নেতাকর্মীরা হামলা চালায়। বাটা সিগনাল মোড়ে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীমের নেতৃত্বে নিউমার্কেট থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচি পালন করেন। এ সময় বিএনপি নেতা বাবু মিয়াসহ দুজনকে গ্রেফতার করে পুলিশ।
মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীর নেতৃত্বে নেতাকর্মীরা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের সামনে অবস্থান নিলে সেখান থেকে কুতুব উদ্দীন ভূঁইয়া নামের এক বিএনপি নেতাকে পুলিশ গ্রেফতার করে। জাতীয় প্রেসক্লাবের সামনে শাহবাগ থানা বিএনপির নেতাকর্মীরা কর্মসূচি পালনের সময় পুলিশি বাধার সম্মুখীন হন। বকশীবাজার বোর্ড অফিসের সামনে চকবাজার থানা বিএনপির নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন। আজিমপুর মেটার্নিটির সামনে লালবাগ থানা বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিএনপির যুব বিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন। পুলিশি বাধার কারণে মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের অংশগ্রহণে বিকল্প স্থানে কর্মসূচি পালন করে বংশাল থানা বিএনপি।
বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস ন ম সাইফুল ইসলামের অংশগ্রহণে মাজার গেট এলাকায় শ্যামপুর থানা, পোস্তগোলা এলাকায় বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহ উদ্দীন আহমেদ, নগর যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিনের অংশগ্রহণে কদমতলী থানা, নির্বাহী কমিটির সদস্য বজলুল করিম চৌধুরী আবেদের অংশগ্রহণে শাহজাহানপুর থানা অবস্থান কর্মসূচি পালন করে। খিলগাঁও থানা নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, সদস্য এ্যাড. ফারুক উল ইসলামের অংশগ্রহণে শান্তিপুর কমিউনিটি সেন্টারের সামনের সড়কে অবস্থান করেন।
ওয়ারী থানার কর্মসূচি পালনের জন্য নেতাকর্মীরা ইঞ্জিনিয়র ইশরাক হোসেনের বাড়িতে জড়ো হলে পুলিশ তার বাড়িটি ঘেরাও করে রাখে। জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসসহ মহানগরের নেতারা মুগদা থানার কর্মসূচিতে অংশ নেন। এছাড়াও মতিঝিল, সবুজবাগ, ধানমন্ডি, কলাবাগান, কামরাঙ্গীরচর, হাজারীবাগ, কোতয়ালী, গেন্ডারিয়া থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন।
জনতার আওয়াজ/আ আ