বিএনপির উদ্দেশ্য শুভ নয় গ্রামেগঞ্জে নৈরাজ্য ছড়াতে চায় : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৩ ৮:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৩ ৮:৫১ অপরাহ্ণ

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির উদ্দেশ্য শুভ নয়। তারা বিভিন্ন গ্রামেগঞ্জে পদযাত্রা করে তাদের নৈরাজ্য সন্ত্রাস গ্রামপর্যায়ে ছড়িয়ে দিতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ এটা হতে দেবে না এবং আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন আয়োজিত বাজুস ফেয়ারে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, আগে বিএনপি বিভিন্ন শহরে পদযাত্রা করেছে। এখন তারা ইউনিয়ন-ইউনিয়নে পদযাত্রা করবে বলেছে। শহরে যখন তারা পদযাত্রা করেছে, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি করেছে। তাদের উদ্দেশ্য শুভ নয়।
তিনি বলেন, বিএনপি বিভিন্ন ইউনিয়নে অর্থাৎ গ্রামেগঞ্জে পদযাত্রা করে তাদের যে নৈরাজ্য সন্ত্রাস, সেটি গ্রামপর্যায়ে ছড়িয়ে দিতে চায়। বাংলাদেশের মানুষ এটা হতে দেবে না। আমাদের দল সতর্ক পাহারায় থাকবে। তারা যদি গ্রামেগঞ্জে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালায়, জনগণ তাদের প্রতিহত করবে।
তথ্যমন্ত্রী এর আগে ‘সেলিব্রিটিদের গহনা ভাবনা’ সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, আমাদের রপ্তানি ঝুড়ি প্রায় পুরোটাই গার্মেন্টস শিল্পনির্ভর হয়ে গেছে। রপ্তানির শতকরা প্রায় ৮৫ ভাগই তৈরি পোশাক। বাণিজ্যে বহুমুখিতা প্রয়োজন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এতে যুক্ত হয়েছে। জুয়েলারি শিল্প একটি বড় আঙ্গিকে রপ্তানিতে যুক্ত হতে পারে।
জনতার আওয়াজ/আ আ