বিএনপির কাছে হস্তান্তর করতে সাত দফা রূপরেখা চূড়ান্ত করেছে গণতন্ত্র মঞ্চ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির কাছে হস্তান্তর করতে সাত দফা রূপরেখা চূড়ান্ত করেছে গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৯:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৯:৪৭ অপরাহ্ণ

 

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের সাত দফা খসড়া রূপরেখা বিএনপির কাছে হস্তান্তর করতে চূড়ান্ত করেছে গণতন্ত্র মঞ্চ। আজ রোববার বিকেলে রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের দলীয় কার্যালয়ে মঞ্চের বৈঠকে এ রূপরেখা চূড়ান্ত করা হয়।

বিএনপির ১০ দফা দাবি ও ২৭ দফা রূপরেখার সঙ্গে গণতন্ত্র মঞ্চের ১৪ দফার সমন্বয়ে গত মাসে যুগপৎ আন্দোলনের যৌথ খসড়া রূপরেখা প্রস্তুত করা হয়। রূপরেখা চূড়ান্ত করার আগে গণতন্ত্র মঞ্চের শরিক সাত দলের মতামত নিতে তা মঞ্চকে দিয়েছিল বিএনপি।

সাত দলের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতেই এই খসড়া রূপরেখাটি গণতন্ত্র মঞ্চের পক্ষে চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল সোমবারের মধ্যেই এটি বিএনপির কাছে হস্তান্তর করবে গণতন্ত্র মঞ্চ। এরপর যুগপৎ আন্দোলনের বাকি দলগুলোর সম্মতিতে স্থায়ী কমিটির বৈঠকে এটি চূড়ান্ত করবে বিএনপি। এটিই পরে যুগপৎ আন্দোলনের যৌথ ঘোষণা হিসেবে প্রকাশ করা হবে।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ূম কালবেলাকে বলেন, ‘আমাদের গণতন্ত্র মঞ্চের বৈঠক হয়েছে। সেখানে আন্দোলনের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা একটি যৌথ ঘোষণাপত্র নিয়েও কাজ করছি। সেই বিষয়টি নিয়েও শরিক দলগুলোর মতামত নেওয়া হয়েছে।’

এদিকে শিক্ষাঙ্গণে ‘সরকারি সন্ত্রাসের’ প্রতিবাদে আগামী ২২ ফেব্রুয়ারি ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। হাসনাত কাইয়ূমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সহসভাপতি সিরাজ মিয়া, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. জাহেদ উর রহমান।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের মনির উদ্দিন পাপ্পু, সম্পাদক মন্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়া, গণঅধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান, ফারুক হাসান, যুগ্ম-সদস্য সচিব মোহাম্মদ আতাউল্লাহ, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাজু আহমেদ খান, হাবিবুর রহমান হাবিব, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রচার ও মিডিয়া সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, কেন্দ্রীয় নেতা প্রীতম দাশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ