বিএনপির গণজোয়ার সৃষ্টি হওয়ায় সরকারের হৃদকম্পন শুরু হয়েছে : প্রিন্স - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৪, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির গণজোয়ার সৃষ্টি হওয়ায় সরকারের হৃদকম্পন শুরু হয়েছে : প্রিন্স

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩ ১০:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩ ১০:০১ অপরাহ্ণ

 

বিএনপির আন্দোলনে গণজোয়ার সৃষ্টি হওয়ায় সরকারের হৃদকম্পন শুরু হয়েছে এবং নেতারা চোখে সর্ষেফুল দেখছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, ‘এ জন্যই গুলি, গ্রেপ্তার করে আন্দোলন দমন করার ব্যর্থ চেষ্টা করছেন তারা।’

আজ শনিবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নের নাগলা বাজারে পথসভায় তিনি এসব কথা বলেন। এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে এর আগে বিকেল ৪টায় হালুয়াঘাটের ধারাবাজারে পথসভার মাধ্যমে ধারা ইউনিয়ন বিএনপির পদযাত্রা শুরু হয়। এরপর ধারাবাজার প্রদক্ষিণ শেষে চার কিলোমিটার পথ অতিক্রম করে নাগলা বাজারে আমতৈল ইউনিয়নের পদযাত্রার সঙ্গে একত্র হয়ে পথসভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

বিপুলসংখ্যক নেতাকর্মী এবং জনসাধারণের উপস্থিতিতে পথসভা জনসভায় পরিণত হয়। পদযাত্রায় নেতাকর্মীরা হাতে হারিকেন, গ্যাসের খালি সিলিন্ডার, চাল, ডাল, সাবান, সার নিয়ে আসেন এবং এসবের মূল্যবৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদ জানান। পদযাত্রা চলাকালে নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। বয়োবৃদ্ধ অসুস্থ নেতৃবৃন্দ ঘোড়া গাড়িতে করে পথযাত্রার সঙ্গে ধারাবাজার থেকে নাগলা বাজার পর্যন্ত গমন করেন।

ধারাবাজারের পথসভায় এমরান সালেহ প্রিন্স বলেন, ‘জনদুর্ভোগ সৃষ্টিকারী ভোট চোর সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আজ গণদাবিতে পরিণত হয়েছে। বর্তমান সরকার জনগণের অধিকার কেড়ে নিয়েছে। অধিকারহারা জনগণ জীবন-জীবিকা রক্ষার সংগ্রামের পাশাপাশি লুট হওয়া দেশের মালিকানা ফিরে পাবার সংগ্রামে লিপ্ত।’

বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই পদযাত্রা হয়। এর আগে সকালে ধোবাউড়া উপজেলার সদর ইউনিয়নের বাসস্ট্যান্ড, উপজেলা পরিষদ, সুতিয়াখালী খালের পাড়, গোয়াতলা ইউনিয়নের গোয়াতলা বাজার এবং হালুয়াঘাট উপজেলার কৈলাটি বাজারে বিলডোরা ইউনিয়নের পদযাত্রা ও পথসভা, শাকুয়াই ইউনিয়নের চৌরাস্তা বাজারে এবং স্বদেশী ইউনিয়নের ঘাসিগাঁও মোড়ে পদযাত্রা ও পথসভায় বক্তব্য দেন প্রিন্স।

পথসভায় বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ ও সরকার জনবিচ্ছিন্ন হয়ে ফ্যাসিবাদী কায়দায় দমন-নিপীড়ন চালিয়ে আন্দোলনকে স্তব্ধ করতে চায়। দমন-নিপীড়ন চালিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। তিনি বলেন, সরকার একদিকে যেমন গণতন্ত্র ও ভোটের অধিকার হরণ করে একদলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে, অন্যদিকে দুর্নীতি-লুটপাট ও ভ্রান্ত নীতির কারণে দেশের অর্থনীতিকে লন্ডভন্ড করে দিয়েছে। আজকে মানুষ অত্যন্ত মানবেতর অবস্থায় দিনযাপন করছে। চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য এবং বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি করে জনগণকে খাদের কিনারায় নিয়ে গেছে। জনদুর্ভোগ সৃষ্টিকারী সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না।

ওই সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আরফান আলী, আলমগীর আলম বিপ্লব, উপজেলা বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আবদুল হাই, মিজানুর রহমান মিজান, পরান আলী কাঞ্চু, এবাদুর রহমান, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি আবদুল আজিজ খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, বিএনপি নেতা শহীদুল হক খান সুজন, মোতালেব হোসেন, যুবদল নেতা মোতালেব হোসেন বক্তব্য দেন।

এ ছাড়া ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম ও সদস্য আসলাম মিয়া বাবুলের নেতৃত্বে কৈচাপুর ইউনিয়নের বোর্ডবাজার; বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলীর নেতৃত্বে ভূবনকুড়া ইউনিয়নের বাঘাইতলা বাজার; হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর নেতৃত্বে জুগলী ইউনিয়নের ছাতুগাঁও বাজার; আবু হাসনাত বদরুল কবিরের নেতৃত্বে হালুয়াঘাট সদর ইউনিয়ন; রফিকুল ইসলাম, কসিম উদ্দিন জোয়ারদার ও মোশাররফ হোসেনের নেতৃত্বে গাজীরভিটা ইউনিয়নের সুমনিয়া পাড়া বাজার; আলী আশরাফের নেতৃত্বে নড়াইল ইউনিয়নের আলিশাবাজার; কাজী ফরিদ আহমেদ পলাশের নেতৃত্বে ধুরাইল ইউনিয়নের ধুরাইল বাজার এবং ধোবাউড়া উপজেলায় ফরহাদ রাব্বানী সুমনের নেতৃত্বে বাঘবেড় ইউনিয়নের মুন্সিরহাট বাজার; হাবিবুর রহমান হাবিব ও আব্দুস শহীদের নেতৃত্বে গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর বাজার; সোলায়মান সরকার ও আলী হোসেনের নেতৃত্বে পুরাকান্দুলিয়া ইউনিয়ন বাজার; আবদুল মতিন ও মো. শাজাহানের নেতৃত্বে ঘোসগাঁও বাজারে পদযাত্রা হয়। তবে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের চাড়িয়াপাড়া বাজারে বিএনপি নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে দলটি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ