বিএনপির পররাষ্ট্রনীতি কোনো দেশনির্ভর নয়: শামা ওবায়েদ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির পররাষ্ট্রনীতি কোনো দেশনির্ভর নয়: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ণ

 

ফরিদপুর প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। ছবি: খবরের কাগজ
বিএনপির পররাষ্ট্রনীতি কোনো দেশনির্ভর নয় বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

তিনি বলেন, ‘বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, তখনই দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও থাকবে না। বিএনপির পররাষ্ট্রনীতি কোনো দেশনির্ভর নয়। দেশ ও দেশের জনগণের স্বার্থের ওপর ভিত্তি করে বিএনপির পররাষ্ট্রনীতি গঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।’

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ওবায়েদ চত্বরে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামা ওবায়েদ।

তিনি বিএনপি থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়ায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে নগরকান্দা উপজেলা বিএনপি ও সালথা উপজেলা বিএনপি।

শামা ওবায়েদ বলেন, ‘আমাদের কোনো নির্দিষ্ট দেশনির্ভর পররাষ্ট্রনীতি নেই। যে দেশ বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করবে বিএনপি সব সময় তাদের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং সব সময় থাকবে। আমাদের কাছে জনগণের স্বার্থ আগে, দেশের স্বার্থ আগে। এর বাইরে কিছুই নেই।’

তিনি বলেন, ‘ভারত যদি আমাদের জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো অবস্থান নেই এবং অন্য কোনো রাষ্ট্রও যদি বাংলাদেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড করে বিএনপি সব সময় তাদের বিরুদ্ধে সোচ্চার থাকবে। আমাদের দলের পররাষ্ট্রনীতি সহজ- বিএনপি বন্ধু চায়, প্রভু নয়। সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়, কিন্তু কারও অধীন হতে চায় না।’

এ সময় তিনি আরও বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নীতি-নির্ধারকদের আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই। আপনারা আমার প্রতি যে আস্থা রেখেছেন, আমি তার মর্যাদা অক্ষুণ্ন রাখতে বদ্ধপরিকর। আমি বিশ্বাস করি, এই মনোনয়ন শুধু আমার একার জন্য নয়, এটি আমার নির্বাচনি এলাকার নেতা-কর্মী ও সাধারণ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।’

নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

পরে শামা ওবায়েদ নগরকান্দা ও সালথা উপজেলার নেতা-কর্মীদের নিয়ে বিএনপির সাবেক মহাসচিব ও তার বাবা প্রয়াত নেতা ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ