বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর শোক বিবৃতি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ৩০, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ৩০, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি মিয়ানমার ও থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পে অসংখ্য মানুষের প্রাণহানী, বহু মানুষ আহত এবং অসংখ্য বহুতল ভবন ধ্বসে পড়ার লোমহর্ষক ও হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
আজ এক শোক বিবৃতিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “মিয়ানমার ও থাইল্যান্ডে প্রলয়ংকারী ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে যাওয়া মানুষদের ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানিতে ক্ষতিগ্রস্ত দুই দেশের মানুষদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। এই ভয়াবহ প্রাকৃতিক দূর্যোগে আমি থাইল্যান্ড ও মিয়ানবাসীর সঙ্গে সংহতি প্রকাশ করছি। তাদের এই চরম বিপদকালীন সময়ে বাংলাদেশের মানুষও তাদের পাশে থাকবে। আমি মহান আল্লাহ’তায়ালার নিকট কায়মনোবাক্যে প্রার্থনা করছি, তিনি যেন ক্ষতিগ্রস্ত দুই দেশের এই দুর্যোগে শোক ও কষ্ট সহ্য করার ক্ষমতা দান করেন। প্রবল ভূমিকম্পে বিপর্যস্ত সংশ্লিষ্ট দেশ দু’টির মানুষ এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে আবারো নতুন শক্তিতে বলীয়ান হয়ে জীবনপ্রবাহ সচল করতে সক্ষম হবে বলে আমি মনেপ্রাণে বিশ্বাস করি। বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি এই দুঃসময়ে জানাচ্ছে গভীর সহানুভুতি।”
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শোক বিবৃতিতে থাইল্যান্ড ও মিয়ানমারে ঘটে যাওয়া ভূমিকম্পে নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহত মানুষদের আশু সুস্থতা কামনা এবং হতাহতদের উদ্ধার ও সহযোগিতার জন্য বিশ্ব স¤প্রদায়কে তৎপর হওয়ার উদাত্ত আহবান জানান।
জনতার আওয়াজ/আ আ