বিএনপির মনোনয়নকেউ পাননি, কারও প্রত্যাশিত আসন ফাঁকা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির মনোনয়নকেউ পাননি, কারও প্রত্যাশিত আসন ফাঁকা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ৩, ২০২৫ ৮:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ৩, ২০২৫ ৮:৪৪ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
মান্না দের গাওয়া ‘কফি হাউস’ গানের লাইন থেকে ধার করে বলতে হয়, ‘নেই তারা আজ কোনো খবরে’। অর্থাৎ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি যে ২৩৭ আসনের প্রার্থী-তালিকা প্রকাশ করেছে, সেখানে তাদের খুঁজে পাওয়া যায়নি। তবে এখনও ৬২ আসনের প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তখন কি তাদের নাম পাওয়া যাবে? এরই মধ্যে কারও কারও প্রত্যাশিত আসনটিতে ঘোষণা করা হয়েছে অন্য প্রার্থীর নাম।

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় সংগীতশিল্পী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন। ২০১৮ সালে নীলফামারী-৪ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল এই শিল্পীকে। আওয়ামী লীগ শাসনামলে সরকারি বাধায় পেশাগত সংগীতচর্চা চালিয়ে যেতে পারেননি এই শিল্পী। স্বাচ্ছন্দ্যে কাজ করতে না পারার বেদনা নিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। একমাত্র সন্তানকে নিয়ে বসবাস করছিলেন যুক্তরাষ্ট্রে। দেশে না পারলেও ভিন্ন ভিন্ন দেশে কনসার্ট করেছেন এই শিল্পী। একই সঙ্গে অংশ নিয়েছেন রাজনৈতিক কর্মকাণ্ডেও। এবারও তার প্রত্যাশা ছিল নীলফামারী-৪ আসন থেকে মনোনয়ন পাওয়া। কিন্তু ওই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে মো. আব্দুল গফুর সরকারকে।

শিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা বরাবরই বিএনপির রাজনীতিতে সক্রিয়। শোনা যায়, সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির পক্ষে নির্বাচন করবেন তিনি। কারণ ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সিরাজগঞ্জের কাজীপুরে রাজনৈতিক কর্মকাণ্ডে সরব হয়েছিলেন তিনি। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে প্রার্থী হয়েছিলেন তিনি। আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাধায় কনকচাঁপা নির্বাচনী প্রচারণা চালাতে পারেননি সেবার। এলাকায় ঢুকতে না পেরে পার্শ্ববর্তী জেলা বগুড়ায় সংবাদ সম্মেলন করে সেই অভিযোগ জানিয়েছিলেন। কনকচাঁপা সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য। এ ছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছেন। গত বছরের ১৫ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার তাকে সংস্কৃতি মন্ত্রণালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য নিযুক্ত করে। তার প্রত্যাশিত ওই আসনে এখনও কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি দলটি।

জনপ্রিয় সংগীতশিল্পী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংস্কৃতিক সম্পাদক মনির খানও রয়েছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তালিকায়। জাসাসের সাবেক এই নেতা পেশাগত ব্যস্ততা ছাড়া এখন বেশির ভাগ সময় নির্বাচনী এলাকা ঝিনাইদহ-৩ আসনের মানুষের সঙ্গে সময় কাটান। তার তীব্র প্রত্যাশা ছিল ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) থেকে মনোনয়ন পাওয়ার। অথচ বিএনপি সেই আসনে প্রার্থী ঘোষণা করেছে মোহাম্মদ মেহেদী হাসানকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ