বিএনপির মহাসমাবেশ ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির মহাসমাবেশ ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ১২:৪৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ১২:৪৭ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

রাত পোহালেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসমাবেশ। এক দফা দাবিতে শুক্রবার মহাসমাবেশ করতে চলেছে বিএনপি। এরইমধ্যে ঢাকার আশপাশ ও সারাদেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন নয়াপল্টনে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, সারি করে দাঁড়ানো ৮টি পিকআপ। এই পিকআপ গুলোর ওপরে দড়ি দিয়ে বাঁশ বেঁধে মঞ্চ তৈরি করা হচ্ছে। মঞ্চ তৈরির কাজে ডেকোরেটরের লোকজনের সঙ্গে দলের নেতাকর্মীরাও যোগ দিয়েছেন। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই দলটির মহাসমাবেশ। তাই সবাই হাত লাগিয়ে কাজ করছেন। কেননা ‌শেষ মুহূর্তের প্রস্তুতিতে কোনো কমতি রাখতে চান না তারা। এই সমাবেশকে কেন্দ্র করে রাত ১০টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঞ্চ তৈরির কাজ শুরু হয়।

এদিকে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এ বিষয়ে পুলিশের একজন কর্মকর্তা জানান, আমরা সারারাত এখানে অপেক্ষা করব। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কাজ করছি।

এ সময় বিএনপি নেতাকর্মীদের দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সরিয়ে দিতে দেখা যায়। কিন্তু একটু পরেই আবার জড়ো হতে দেখা যায় নেতাকর্মীদের। অনেকের অভিযোগ, হোটেলে অভিযান চালানো হচ্ছে। তাই কেউ গোডাউনে, কেউ ফুটপাতে, কেউ কেউ আত্মীয়ের বাসায় রাত কাটাচ্ছেন।

বরিশাল থেকে আসা ৩৩ বছর বয়সী জাহিদুল ইসলাম জানান, হোটেলে ছিলাম, পরে শুনলাম পুলিশ অভিযান চালাচ্ছে তাই এখানে চলে এলাম। ভাবছি রাতটা এখানেই থাকব। অন্তত সকালে সমাবেশে তো থাকতে পারব।

নরসিংদী থেকে আসা ২৪ বছর বয়সী রাসেল আহমেদ জানান, বাসে এসেছি। আমাদের এলাকায় অনেক জায়গায় বাস বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ঢাকায় আসা থামাতে পারেনি। আমরা কয়েক হাজার কর্মী ঢাকায় এসেছি। এক দফা দাবি সফল করেই ঘরে ফিরব।

বিএনপির মহাসমাবেশ: রাতেই মঞ্চ তৈরির কাজ শুরু

এক দফা দাবিতে শুক্রবার মহাসমাবেশ করবে বিএনপি। এই সমাবেশকে কেন্দ্র করে রাত ১০টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। এর আগে রাত সাড়ে ৯টার দিকে মঞ্চ তৈরি করার জন্য বাঁশ আনা হয়। রাত সাড়ে ৯টার পরে কার্যালয়ের সামনে আটটি ট্রাক আসে। এসব ট্রাকের ওপরেই মঞ্চ তৈরি হবে বলে জানা যায়।

শুক্রবার দুপুর ২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার রাতে নয়াপল্টনে এক সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, সরকারের সংস্থার লোকজন দুষ্টুমি করতে পারেন। তাই অতন্দ্র প্রহরী মতো সতর্ক থাকতে হবে। আর এ সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। জয় আমাদের নিশ্চিত।

এ সময় নেতাকর্মীরা স্লোগান দিলে তিনি বলেন, আজ কোনো স্লোগান নয়। স্লোগান হবে আগামীকাল (শুক্রবার)। আর এখন এখানে মঞ্চ তৈরি করা হবে, আপনারা সবাই চলে যান।

ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আজ রাতে আপনারা নিজের মতো করে নিরাপদ জায়গায় গিয়ে বিশ্রাম নেন। আগামীকাল (শুক্রবার) অনেক পরিশ্রম করতে হবে। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, চলে যান। আর আজ কোনো স্লোগান দেওয়া যাবে না।

এরপরও নেতাকর্মীরা কার্যালয়ের সামনে থেকে সরে যাননি। তারা অফিসের সামনে অবস্থা করেই সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

এদিকে নয়াপল্টনে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে সাজোয়া যান (এপিসি) ও জলকামান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ