বিএনপির রাজনৈতিক কর্মসূচি পালন করলে আতঙ্কিত হওয়ার কিছু নেই - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির রাজনৈতিক কর্মসূচি পালন করলে আতঙ্কিত হওয়ার কিছু নেই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১৯, ২০২২ ১০:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১৯, ২০২২ ১০:৩৫ অপরাহ্ণ

 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপির রাজনৈতিক কর্মসূচি পালন করলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তারা কর্মসূচিতে নিয়ম মেনে জাতীয় পতাকা নিয়ে এলেও সমস্যা নেই। তবে জাতীয় পতাকা যদি গজারির খোঁটা বা মোটা বাঁশের মধ্যে আনে, তাহলে সেটা উদ্বেগের।

আজ বুধবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

বিএনপির আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দল তো রাজনীতি করবেই। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এটা নিয়ে তো আতঙ্কিত হওয়ার কিছু নেই।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন কর্মসূচিতে বিএনপি নেতা–কর্মীদের লাঠি ও বাঁশের ডগায় জাতীয় পতাকা বেঁধে নিয়ে যেতে দেখা গেছে। এর মধ্যে রাজধানীর হাজারীবাগ এলাকায় সমাবেশ শুরুর আগে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষে ওই সব লাঠি ব্যবহার করেছেন তাঁরা।

সম্প্রতি ময়মনসিংহে গণসমাবেশে বাঁশে পতাকা বেঁধে বিএনপিকর্মীদের যোগ দিতে দেখা যায়। ছবি: সমকাল
এ বিষয়টি উদ্বেগের বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক। তিনি বলেন, ‘অ্যালার্মিং হবে তখন, যেটা আমাদের দলের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল বলেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আপনারা মিছিল–মিটিং করেন সবই ঠিক আছে, জাতীয় পতাকা নিয়ে আসেন এটা খুব সুন্দর। জাতীয় পতাকা যে লাঠিতে বেঁধে নিয়ে আসেন, সেটা যদি স্বাভাবিক–নিয়মমতো হয় ওয়েলকাম। কিন্তু যদি গজারির খোঁটার মধ্যে নিয়ে আসেন বা বড় মোটা বাঁশের মধ্যে নিয়ে আসেন, সেটা মনে হবে উদ্দেশ্যপ্রণোদিত।’

সীমান্ত পরিস্থিতি নিয়েও সরকার সজাগ রয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, রোহিঙ্গাদের মধ্যে কিছু উচ্ছৃঙ্খল লোক আছে। বিশেষ করে মাদকের সঙ্গে জড়িত। তাদের ওপর নজরদারি আরও কঠোর এবং রাতে টহল বাড়ানো হবে, যাতে মাদক ভেতরে আসতে না পারে, সেই জায়গায় নজরদারি বাড়ানো হবে।

অনলাইনে যারা অপপ্রচার চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সরকার চিন্তা করছে বলে জানান মোজাম্মেল হক।

মোজাম্মেল হক বলেন, দেশ থেকে টাকা পাচারের বিষয়টি আমরা পত্রপত্রিকায় দেখেছি। সেগুলো তদন্ত করে দেখা হবে। এরই মধ্যে ৭০০টির বেশি মানি এক্সচেঞ্জের লোকজন ধরা পড়েছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ক্ষেত্র বিশেষে তাদের লাইসেন্স বাতিল করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে দাবি করে মন্ত্রী বলেন, কিছুদিন আগে দুর্গা পূজা শেষ হলো। এর আগে ঈদুল আজহা সুন্দর ও সফলভাবে হয়েছে। আমরা রোহিঙ্গাদের ব্যাপারে বেশি উৎকণ্ঠা বোধ করছি। বর্ডার এলাকায় তাদের অপতৎপরতার ব্যাপারে সরকার সচেতন আছে। তাদের আরো কঠোর নজরদারি আওতায় আনা হবে।

এক সচিব ও তিন পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠানো প্রসঙ্গে মোজাম্মেল হক বলেন, এখানে কোনো বার্তার প্রশ্ন নেই। এটা রুটিন ওয়ার্ক। সার্ভিস রুলেই আছে, চাকরির বয়স ২৫ বছর হলে যেকোনো সময় যেকোনো কর্মকর্তাকে সরকার অবসরে পাঠাতে পারে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ