বিএনপির শনিবার নয়াপল্টনে মহাসমাবেশে যোগ দেবে ২১ শ্রমিক সংগঠন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:০৭, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির শনিবার নয়াপল্টনে মহাসমাবেশে যোগ দেবে ২১ শ্রমিক সংগঠন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৭, ২০২৩ ১২:৪৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৭, ২০২৩ ১২:৪৬ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
আগামী শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে মহাসমাবেশ করবে বিএনপি। ওই সমাবেশে দেশের ২১টি শ্রমিক সংগঠন নিয়ে গঠিত সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি) অংশ নেবে বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। সংগঠনটির দাবি, মোট ৭ কোটি ৩৫ লাখ শ্রমিক আছেন তাদের সংগঠনে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাজধানীর পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এসএসপির প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। ‘শ্রমিক-কর্মচারী জাতীয় কনভেনশন ২০২৩– এর ঘোষণা ও প্রস্তাবনা’ বিষয়ে এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয় দলের শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের উপদেষ্টা এম এ আউয়াল, শ্রমিকদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

এসময় শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘সরকারদলীয় সংগঠন বাদে চলমান আন্দোলনে আমরা সবাই আকুণ্ঠ সমর্থন জানাচ্ছি। গণতান্ত্রিক শ্রমিক আন্দোলনের সমর্থনকারী ও কমিউনিস্ট আন্দোলনের শ্রমিক সংগঠন মিলে একটি জাতীয় প্রতিষ্ঠান এটি। সব শ্রেণি-মতের মানুষ আমরা মিলিত হয়েছি। গণতন্ত্র, ভোটের অধিকার, আইনের শাসনের লড়াই এবং শ্রমিক শ্রেণির লড়াইকে আমরা সমর্থন করি। আজকের এই গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে বিজয়ী করা কর্তব্য মনে করি। আমরা আনুষ্ঠানিকভাবে আগামী ২৮ তারিখের মহাসমাবেশে অংশগ্রহণ করবো।’

পোশাক খাত, পরিবহনসহ সব শ্রমিকদের আন্দোলনে এসএসপি উপস্থিত থেকে সব ধরনের সহযোগিতা নিয়ে পাশে থাকবে উল্লেখ করে শিমুল বিশ্বাস বলেন, ‘মধ্যপন্থি, ডানপন্থি, গণতন্ত্রপন্থি, সমাজতন্ত্রপন্থি, বামপন্থি সবাই মিলে দেশ বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হয়েছি। শ্রমিক শ্রেণির অংশগ্রহণে চলমান আন্দোলন সফল হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ