বিএনপির সমাবেশের আগে রাজশাহী থেকে রংপুরগামী বাসও বন্ধ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, অক্টোবর ২৮, ২০২২ ৫:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, অক্টোবর ২৮, ২০২২ ৫:০০ অপরাহ্ণ

রাজশাহী থেকে রংপুরগামী সব ধরনের বাস চলাচল আগামী দুইদিন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। রাজশাহীর পরিবহন নেতারা এ সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী থেকে রংপুরগামী সর্বশেষ বাসটি ছেড়ে গেছে। শুক্রবার ও শনিবার (২৮ ও ২৯ অক্টোবর) আর কোনো বাস ছাড়বে না বলে কালের কণ্ঠকে নিশ্চিত করেন রাজশাহীর পরিবহন নেতারা।
তবে বিএনপি নেতাকর্মীদের দাবি, শনিবার রংপুরে বিএনপির বিভাগীয় মহাসমাবেশকে কেন্দ্র করেই পরিবহন বন্ধ করা হয়েছে।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক কালের কণ্ঠকে জানান, বৃহস্পতিবার রাতে রাজশাহী থেকে রংপুরগামী সব বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধসহ বিভিন্ন দাবিতে তাদের এই ধর্মঘট।
মতিউল হক আরো বলেন, রংপুরে অভ্যন্তরীণ কারণে দুদিনের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। সেখানে কোনো বাস চলবে না। অন্য কোনো জেলা থেকেও রংপুরে কোনো বাস প্রবেশ করবে না। রংপুর বাস মালিকদের পক্ষ থেকে তাদেরও রংপুরে বাস না পাঠানোর জন্য বলেছেন। এ কারণে তারা বাস চলাচল দুদিন বন্ধ রেখেছেন তারা।
রংপুরে বিএনপির মহাসমাবেশের কারণে বাস চলাচল বন্ধ করা হয়েছে কিনা এমন প্রশ্নে রাজশাহী সড়ক পরিবহনের এই নেতা বলেন, এ ব্যাপারে আমরা কিছু জানি না। আমরা জানি, রংপুরে অভ্যন্তরীণ সমস্যার কারণে পরিবহন ধর্মঘট হচ্ছে। তাদের নিজেদেরও দাবি আছে। ফলে এই সময়ে আমরা রাজশাহী থেকে রংপুরে কোনো বাস চালাতে পারছি না।
রাজশাহী থেকে রংপুরের বাস চলাচল বন্ধ সম্পর্কে জানতে চাইলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, এভাবে বিএনপির গণজোয়ার থামানো সম্ভব নয়। রাজশাহী থেকে যাতে কেউ রংপুরের মহাসমাবেশে যেতে না পারে সেজন্যই বাস বন্ধ করা হয়েছে। সরকার বিএনপির মহাসমাবেশে জনসমাগম দেখে ভীত হয়ে এসব কাজ করছে। মানুষকে দুর্ভোগে ফেলছে।
জনতার আওয়াজ/আ আ