‘বিএনপি'র সমাবেশ ঘিরে কোনো হামলার পরিকল্পনা দেখছে না পুলিশ' - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৮, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘বিএনপি’র সমাবেশ ঘিরে কোনো হামলার পরিকল্পনা দেখছে না পুলিশ’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২ ৬:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২ ৬:৩২ অপরাহ্ণ

 

বিএনপি’র সমাবেশ ঘিরে হামলার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। তিনি বলেন, পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা কাজ করছে। যাতে কোন ধরণের দুর্বৃত্তায়ন না ঘটে।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

সমাবেশকে ঘিরে নিরাপত্তার বিষয়ে ডিবি প্রধান বলেন, আগের শর্তসমূহই বহাল থাকবে। আমাদের পর্যাপ্ত পরিমান পুলিশ পোশাকে এবং সাদা-পোশাকে কাজ করছে ও করবে। এভাবেই আমরা সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ ঘিরে নিরাপত্তা বলয় তৈরী করেছিলাম। গোলাপবাগ মাঠের ক্ষেত্রেও তাই। আমাদের পুলিশরা আশেপাশের এলাকা তদারকি করছেন। যাতে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার উদ্ভব না ঘটে।

এসময় তিনি ঢাকায় গত ২৪ ঘন্টায় প্রায় সাত লাখ সিম প্রবেশ প্রসঙ্গে বলেন, আমরা বিষয়টি দেখছি, কোন এবনরম্যালিটি আছে কিনা।

ডিবি প্রধান হারুন অর রশীদ বলেন, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিএনপি প্রতিনিধি দল আমাদের কাছে কমলাপুর স্টেডিয়াম মাঠ আর মিরপুর বাংলা কলেজ মাঠের কথা বলেছিলেন। এরপর তারা আজ ঢাকায় সমাবেশ করার জন্য গোলাপবাগ মাঠের কথা বলেন ও আবেদন করেন। আমরা এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যারের সাথে কথা বলে অনুমতি দিয়েছি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের মত দুইজন কেন্দ্রীয় বিএনপি নেতাকে গ্রেফতারের কারণে কোন নাশকতা হতে পারে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তারা শান্তিপূর্ণ সমাবেশ করতে চায়। অতএব আমি মনে করি তাদের আর কোন চাহিদা থাকার কথা না। আমরা মনে করি তারা শান্তিপূর্ণ সমাবেশ করবে। কোন বিশৃঙ্খলা করবে না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে আদালতে প্রেরণ প্রসঙ্গে তিনি বলেন, তাদের বিষয়ে আদালত সিদ্ধান্ত নিবেন। আমরা কোন রিমান্ড চাই নাই। আমরা তাদের এনেছিলাম জিজ্ঞাসাবাদের জন্য। এরপর তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ