বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ফের অভিন্ন রূপরেখা তৈরির সিদ্ধান্ত - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ফের অভিন্ন রূপরেখা তৈরির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১৭, ২০২৩ ১২:৪৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১৭, ২০২৩ ১২:৪৭ পূর্বাহ্ণ

 

ডেস্ক নিউজ
সরকারবিরোধী আন্দোলনকে যৌক্তিক পর্যায়ে নিয়ে যেতে সমমনা দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে অভিন্ন রূপরেখা তৈরির বিষয়ে আবারও সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এর আগে একই সিদ্ধান্ত থাকলেও তা থেকে সরে গিয়েছিল দলটি। গণতন্ত্র মঞ্চসহ বিভিন্ন দলের দাবি অনুযায়ী নতুনভাবে যুগপৎ আন্দোলনের যৌথ ঘোষণার পক্ষে মত দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নেতারা।

সোমবার রাতে ভার্চুয়ালি অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে গণতন্ত্র মঞ্চের প্রস্তাবিত ৩৫ দফাকে বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ২৭ দফা রূপরেখায় অন্তর্ভুক্ত করে নতুন রূপরেখা তৈরির বিষয়ে মত দেন নেতারা।

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনসহ ১০ দফা দাবিতে গত ২৪ ডিসেম্বর বেশ কয়েকটি দল ও জোট নিয়ে যুগপৎ আন্দোলন শুরু করে বিএনপি। গত ফেব্রুয়ারিতে আন্দোলনের ভিত্তি হিসেবে একটি যৌথ ঘোষণাপত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতাদের সমন্বয়ে একটি ড্রাফট কমিটি গঠন করা হয়। বিভিন্ন সময়ে তাঁরা বৈঠক করে খসড়া রূপরেখা প্রস্তুতও করেন। গণতন্ত্র মঞ্চ গত ৮ মে ৩৫ দফা যৌথ ঘোষণার একটি খসড়া বিএনপির কাছে হস্তান্তর করে।

জানা যায়, গণতন্ত্র মঞ্চের ৩৫ দফার প্রয়োজনীয় দফাগুলোকে বিএনপির ২৭ দফার মধ্যেই অন্তর্ভুক্ত করা হতে পারে। এদিকে গতকাল মঙ্গলবার দলের এক বিজ্ঞপ্তিতে ৫ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ না করার আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের আগে এই ঘোষিত সিটি কর্পোরেশন নির্বাচন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এই সরকারের অধীনে কোনো নির্বাচনই নিরপেক্ষ হবে না। সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে না। বিএনপি এই অর্থহীন নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ