বিএনপি কথা বলে বেশি, কাজ করে না : নানক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুন ২০, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুন ২০, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
বিএনপির নেতাদের উদ্দেশ্য আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আপনারা কথা বলেন বেশি, কাজ করেন না। আমরা কাজ করি, কথা বলি কম। সোমবার (২০ জুন) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয় সিলেট ও সুনামগঞ্জ জেলা বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট, স্যালাইন, শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি এসব ত্রাণ বিতরণ করেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, করোনা ভাইরাস সময়ে মানুষ যখন আক্রান্ত, ক্ষত-বিক্ষত তখন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ ও ত্রাণ কমিটি মানুষের কাছে গিয়েছে। মানুষ যখন লকডাউনের কারণে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গিয়েছিলো, তখন একমুষ্টি চাল নিয়ে মির্জা ফখরুল সাহেব আপনাদের কোথায়ও দেখা যায় নি। আপনারা কথা বলেন বেশি, কাজ করেন না। আমরা কাজ করি, কথা বলি কম।
তিনি বলেন, সিলেট ও সুনামগঞ্জ বন্যা কবলিত এলাকায় আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সমস্ত নেতারা মানুষের জন্য ঝাপিয়ে পড়েছে। সেনাবাহিনী-নৌবাহিন, কোস্ট গার্ডের সঙ্গে উদ্ধার কার্য করেছেন। রান্না করা খাবার বিতরণ করেছে। আওয়ামী লীগের নেতাদের বাড়িতে-বাড়িতে আশ্রয় কেন্দ্র করে দিয়েছে।
বিএনপির মহাসচিবের সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বলেন, মির্জা ফখরুল সাহেব বলেন বন্যা কবলিত এলাকায় কোনো মানুষ খবর নেয় না। সিলেট সুনামগঞ্জে বন্যা হওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ডকে নামিয়েছেন, তেমনি জেলা প্রশাসনকে নামিয়েছেন, তেমনি তার দল আওয়ামী লীগকে নির্দেশ দিয়েছে যাতে বন্যা কবলিত মানুষের সেবা করতে।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির , হারুনুর রশিদ, আব্দুল বারেক, মাহবুবুর রশিদ, ইঞ্জিনিয়র আবুল কাশেম সিমান্ত, আকাশ জয়ন্ত গোপ প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ