বিএনপি ক্ষমতায় এলে তিস্তার পানি আনবে: ফারুক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ

নোয়াখালী প্রতিনিধি
বিএনপি ক্ষমতায় এলে তিস্তার পানি আনার ব্যবস্থা করার অঙ্গীকার করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, হিন্দুস্থান তার বান্ধবী শেখ হাসিনার সরকার তিস্তার এক ফোটা পানিও আমার দেশের জন্য আনতে পারে নাই। বরং তাদের সাথে আঁতাত করে ক্ষমতা পাকাপোক্ত করেছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালী সেনবাগে শহীদ মিনারে ফুল দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এসময় প্রধান উপেদষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে ফারুক বলেন, ‘কারো কান কথা নয়, যারা বাংলাদেশকে কোনোকালে স্বীকৃতি দেয়নি, যারা ৫২ ভাষা আন্দোলন, ৭১ এর মুক্তিযুদ্ধ, ১৬ ডিসেম্বরের বিজয় দিবস, ২৬ মার্চের স্বাধীনতা দিবসের কর্মসূচিতে তাদের কোনোদিন দেখা যায়নি। আজকে আবার তারা ষড়যন্ত্রের হাত পেতে অন্তর্বর্তীকালীন সরকারকে দোষারোপ করার হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’
তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতার জন্য নির্বাচন নয়, বিএনপি এমন নির্বাচন চায় যেখানে মৃত ব্যক্তিরা ভোট দেবে না। যেখানে হাসিনার মতো ১৫৪ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন নয়। তাই তারেক রহমান এমন নির্বাচন চায়, যে নির্বাচন দিনের ভোট রাতে নয়। যে নির্বাচন ২০২৪ সাল ভাইয়ে ভাইয়ে নির্বাচন করেছেন। তাই তারেক রহমান বলেছে, বিলম্বিত নয় বিলম্ব হলেই ষড়যন্ত্র হবে।’
তিনি অন্যান্য রাজনৈতিক দলের উদ্দেশে বলেন, ‘কিছু কিছু দল বলতে শুরু করেছে আগে সংস্কার আগে ইউনিয়নের নির্বাচন, এসব টালবাহানা বিএনপি মানে না।’
নির্বাচন প্রসঙ্গে ফারুক বলেন, ‘দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করেন। আগে কিন্তু জাতীয় সংসদের নির্বাচন। পার্লামেন্ট সদস্যরাই ঠিক করবে সংস্কার কতটুকু হবে। আগে স্থানীয় নির্বাচন দিয়ে কোনোভাবেই আওয়ামী লীগের পুনর্বাসন করবেন না। যদি করেন বিএনপি নেতাকর্মীরা তা সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে।’
বিএনপি নেতাকর্মীদেরকে তিনি বলেন, ‘বিএনপির কোনো নেতা কারো বিচারে যাবেন না। স্বেচ্ছাসেবকদল, যুবকদল, ছাত্রদল, আপনারা অনেক কষ্ট করেছেন আর একটু ধৈর্য ধরুন। আপনাদের কারণেই অর্জিত হয়েছে দ্বিতীয় স্বাধীনতা।’
তিনি বলেন, ‘খেলা আবার নতুন করে শুরু হতে পারে। তার জন্য আপনারা প্রস্তুত থাকেন। জনগণের ভোটেই তারেক রহমান হবে এই দেশের প্রধানমন্ত্রী।’
জনতার আওয়াজ/আ আ