বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাসায় ফিরবেন আজ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুন ১৭, ২০২৩ ৩:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুন ১৭, ২০২৩ ৩:৪৬ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে শনিবার বিকেলে বাসায় ফিরবেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ বিকেল ৫টায়
এভার কেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা করবেন।
এর আগে গত ১৩ জুন রাতে বেগম খালেদা জিয়া অসুস্থ বোধ করায় রাত ১টা ২০ মিনিটে ছোট ভাই শামীম এস্কান্দারের গাড়িতে করে হাসপাতালের উদ্দেশে বাসা থেকে রওনা হন বিএনপি চেয়ারপারসন। ওই গাড়িতে শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমাও ছিলেন। রাত ১টা ৪০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। এরপর কিছু পরীক্ষা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, গত এপ্রিলের ২৯ তারিখে নিয়মিত চেকআপ করতে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে তিনি চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হন। কয়েক দিন পর চিকিৎসকদের পরামর্শে তিনি তার বাসভবন ফিরোজায় ফিরেন।
দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে গেছিলেন। দেশে করোনা মহামারী শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে। এরপর কয়েক দফায় তার দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে।
জনতার আওয়াজ/আ আ